সরকারি চাল ক্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় সরকারি খাদ্যগুদামের সম্ভাব্য চাল সরবরাহকারীদের কাছে স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতা মোটা অঙ্কের কমিশন দাবি করেছেন বলে প্রথম আলোয় গতকাল যে খবরটি প্রকাশিত হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তাঁদের এই অদ্ভুত আবদারে চালকল মালিকেরা বিপদে পড়েছেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা প্রথমে জেলা প্রশাসকের কাছে আবদার জানিয়েছিলেন যে তাঁদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ চাল কিনতে হবে। কিন্তু জেলা প্রশাসক আইন ভেঙে কিছু করতে পারবেন না জানালে তাঁরা কেজিপ্রতি দুই টাকা করে কমিশন দেওয়ার জন্য চালকল মালিকদের ওপর চাপ সৃষ্টি করেন। প্রতিবেদন অনুযায়ী, জেলা থেকে এবার ২৩ হাজার ৩০০ মেট্রিক টন চাল কেনা হবে। কেজিপ্রতি দুই টাকা কমিশন দিলে সাড়ে চার কোটি টাকা দিতে হবে। চালকল মালিকেরাও নাকি আওয়ামী লীগ নেতাদের অন্যায় আবদার মেনে নিয়েছেন।
কমিশনে আটকে আছে কুষ্টিয়ার চাল সংগ্রহএবার খোলাবাজারে ধান-চালের দাম কম হওয়ায় চালকল মালিকেরা সরকারের নির্ধারিত দামে চাল বিক্রি করলে কেজিপ্রতি পাঁচ-ছয় টাকা লাভ হবে। কিন্তু আওয়ামী লীগ নেতারা সেই লাভের গুড়ে ভাগ বসাতে চাইছেন। দেশের অন্যান্য স্থানেও যদি আওয়ামী লীগ নেতারা এ ধরনের আবদার তোলেন, তাহলে চাল ক্রয়কে কেন্দ্র করে কমিশন–বাণিজ্যের পরিমাণটি ভাবুন। এতে আওয়ামী লীগ নেতারা লাভবান হলেও ক্ষতির শিকার হবেন চালকল মালিক ও কৃষকেরা। দেশে আইনকানুন বলে কিছু থাকলে ক্ষমতাসীনেরা এভাবে কমিশন–বাণিজ্য চালাতে পারতেন না।
বোরো মৌসুমে যাতে কৃষকেরা ধান–চালের ন্যায্য দাম পান, সেই উদ্দেশ্যে সরকার ধান–চাল ক্রয় কর্মসূচি নিয়েছে। কতিপয় দলীয় সুবিধাভোগীর কারণে সরকারের একটি ভালো উদ্যোগকে ব্যর্থ হতে দেওয়া যায় না। কৃষক এমনিতেই উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান না। কৃষকবান্ধব বলে পরিচিত সরকারের আমলে কৃষকের উৎপাদিত পণ্য থেকে যাঁরা ফাউ বা কমিশন খাওয়ার পাঁয়তারা করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। বন্ধ হোক কমিশনবাজি।