সরকারি চাল বিক্রি করে এসি ক্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চাই। এ জন্য গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বরাদ্দ টেস্ট রিলিফের (টিআর) চাল বিক্রির এক অভিনব উদ্যোগ গ্রহণের অভিযোগ উঠেছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে সৌরবিদ্যুতের ব্যবস্থা, ফ্যাক্স মেশিন, প্রিন্টার, চেয়ার-টেবিলসহ আরও সাজসরঞ্জাম কেনার জন্যও টিআরের চাল বিক্রি করা হচ্ছে বলে প্রথম আলোয় খবর বেরিয়েছে। এসব কেনাকাটার জন্য ছয়টি প্রকল্প দেখানো হয়েছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্যকে কৌশলে ছয়টি প্রকল্পেরই সভাপতি করা হয়েছে। কিন্তু প্রকল্পের কোনো কাজ হয়নি। হবে কি না সন্দেহ। আশঙ্কা করা হয় যে এসব প্রকল্পের নামে চাল বিক্রি করে আসলে গাড়ির এসি ও অন্যান্য সরঞ্জাম কেনা হবে।প্রধানমন্ত্রী একবার সচিবালয়ে এসি নিয়ন্ত্রণের কথা বলেছিলেন। গরমে কষ্ট লাঘবের জন্য কর্মকর্তাদের হাফ শার্ট পরার পরামর্শ দিয়েছিলেন। আর ইউএনও তাঁর গাড়িতে এসি লাগানোর জন্য প্রকল্পের চাল বিক্রির উদ্যোগ নিচ্ছেন!ইউএনও দাবি করেছেন, উপজেলা পরিষদের উন্নয়নমূলক কাজের জন্য নাকি টিআর ব্যবহার করা যায়। কিন্তু রাজশাহী জেলা প্রশাসক এসব প্রকল্পে টিআর ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন। তিনি সরাসরি বলে দিয়েছেন, ইউএনও তাঁর গাড়িতে এসি ব্যবহার করতে পারেন না।টিআরের চাল দেওয়া হয় মূলত দুটি উদ্দেশ্যে। একদিকে যেমন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বা রক্ষণাবেক্ষণের কাজ হয়, যা গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করে। অন্যদিকে এসব কাজে গ্রামের মানুষের কিছু আয়-উপার্জন হয়, যা তাদের ক্রয়ক্ষমতা বাড়ায়। এর ফলে গ্রামের হাটবাজারে কেনাকাটার চাহিদা বাড়ে। এটা উৎপাদন বৃদ্ধিতে প্রণোদনা হিসেবে কাজ করে।রিলিফ অর্থ ত্রাণ। এ রিলিফের চাল ব্যবহারের নির্দিষ্ট শর্ত রয়েছে। নিয়ম অনুযায়ী টিআর তথা ত্রাণের চাল ব্যবহার করতে হবে মাঠপর্যায়ে। ইউএনওর গাড়ি বা অফিসের দালানকোঠার জন্য এ চাল ব্যবহারের কোনো সুযোগ নেই। প্রকারান্তরে এটা দুর্নীতি। অপচয়, অনিয়ম ও দুর্নীতির এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন ইউএনও। এখনই তাঁকে এ অবৈধ কাজ বন্ধ করতে বলা হোক।