সরকারি জমি যেন দখলের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে সরকারি জমি মানেই দখলের চেষ্টা ও দখল করে বাণিজ্য। সারা দেশেই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লাখ লাখ একর জমি অবৈধভাবে দখল করে বাণিজ্য করছেন প্রভাবশালীরা। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এসব জমি উদ্ধারে তেমন কোনো তৎপরতা নেই। সাভারে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৩৩ শতাংশ জমিতে ব্যক্তিমালিকানাধীন স্থাপনা নির্মাণের বিষয়টি সরকারি জমি দখলের আরেকটি উদাহরণ।

গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী সাভারের ব্যাংক কলোনির বাসিন্দা আবদুল মোমেন ১৯৯৫ সাল থেকে বিএডিসির জমি ইজারা নিয়ে ভোগদখল করছেন। সরকারি জমিতে ব্যক্তিমালিকানাধীন স্থাপনা তৈরির কোনো সুযোগ না থাকলেও তিনি সেখানে ছয়টি আধা পাকা স্থাপনা নির্মাণ করেছেন এবং সেগুলো ভাড়া দিয়েছেন।

প্রশ্ন হচ্ছে এই যে আবদুল মোমেন এভাবে বিএডিসির জমি ইজারা নিয়ে সেখানে অবৈধভাবে স্থাপনা তুলেছেন, তা কি বিএডিসি কর্তৃপক্ষের অজানা? তাদের অজান্তে তাদের জমিতে কি কারও পক্ষে স্থাপনা গড়ে তোলা সম্ভব? বরাবরই দেখা যায়, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কিছু লোক এলাকার প্রভাবশালী লোককে সঙ্গে নিয়ে এভাবে জমি দখল করেন। এমন অভিযোগও রয়েছে, দেশের যেখানেই সরকারি জমি দখল হয়, সেখানেই অবৈধ দখলদারেরা প্রভাবশালী মহলসহ পুলিশ প্রশাসনের কিছু ব্যক্তিকে হাতে রাখেন। দখলের ফলে যে লাভ হয়, তার ভাগ তাঁরা সবাই পান।

বিএডিসির জমি দখলের ক্ষেত্রে এমনটা ঘটেনি, তা হলফ করে বলা যাচ্ছে না। প্রথম আলোর পক্ষ থেকে তথ্য অধিকার আইনের আওতায় বিএডিসি কর্তৃপক্ষের কাছে এই জমির ইজারাসংক্রান্ত যে তথ্য চাওয়া হয়েছিল, তাতে প্রথমে বিএডিসি কর্তৃপক্ষ মিথ্যা তথ্য দেয়। তারা জানায়, ওই জমিতে ব্যক্তিমালিকানাধীন কোনো স্থাপনা নেই। বিএডিসির তথ্যের সঙ্গে বাস্তবের মিল না থাকায় প্রথম আলো তথ্য কমিশনে অভিযোগ করে। পরে বিএডিসি ওই জমিতে অবৈধ স্থাপনা থাকার কথা স্বীকার করে এবং জানায় যে ২০ জুনের মধ্যে ওই সব অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য তারা আবদুল মোমেনকে নির্দেশ দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ওই সব অবৈধ স্থাপনা এখনো সরেনি। বিএডিসি কি জবাবদিহির বাইরে?

সরকারি জমি বেদখলের এই মহোৎসব বন্ধ করতে সরকারের সদিচ্ছার বিষয়টি গুরুত্বপূর্ণ। সরকার কঠোর না হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি করার সুযোগ পান। তাঁদেরই যোগসাজশে দিন দিন বেড়ে চলেছে সরকারি জমি জবরদখলের পরিমাণ। এসব জমিতে গড়ে উঠছে আবাসিক ভবন, বিপণিবিতান, রাস্তাঘাট। বহুদিন ধরে চলে আসা এই ধারার অবসান ঘটাতে হলে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী বছরের পর বছর সরকারি জমি দখলে সহযোগিতা করে আসছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।