সরকারি জায়গায় ব্যবসাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি জায়গা মানেই যেন স্বেচ্ছাচারিতার সুযোগ। ক্ষমতা ও সুযোগ আছে তো দখল করো, দোকানপাট গড়ে তুলে ব্যবসা-বাণিজ্য করো! যেমনটি হয়েছে মোহাম্মদপুর থেকে গাবতলী পর্যন্ত বেড়িবাঁধ সড়কের দুই পাশের জায়গায়। পানি উন্নয়ন বোর্ডের এ জায়গা এখন ছোট-বড় বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের দখলে। কিন্তু কারও যেন কিছু বলার নেই।
মঙ্গলবার প্রথম আলোতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, ভাঙারি, ছোট ছোট টং, খাবারের দোকানসহ অনেক ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে এ সড়কে। ইটের দোকানগুলো ইটের স্তূপ ও ইট ভেঙে বিক্রি করা হয় সড়কের পাশে রেখে। এর মধ্যে সড়কের পাশে উত্তর সিটি করপোরেশন ময়লা ফেলার জায়গা তৈরি করেছে। এ ছাড়া ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন সড়ক ঘেঁষে রাখা হয়। দখলের মহোৎসব চললেও এসব দেখার জন্য যেন কোনো কর্তৃপক্ষ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই কোনো দায়! উল্টো তাঁদের বিরুদ্ধেই আছে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ। ওই এলাকার ব্যবসায়ীরা বলছেন, নিয়মিত পুলিশকে টাকা দিয়েই তাঁরা ব্যবসা করছেন। সরকারি জমি তবে দখলমুক্ত করবে কে? বা দখলমুক্ত থাকবেই বা কীভাবে!
শুধু বেড়িবাঁধ সড়কেই নয়, রাজধানী ও রাজধানীর বাইরে বিভিন্ন এলাকায় এভাবে সরকারি জমি দখল করে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। রাজউক, সিটি করপোরেশন বা সড়ক বিভাগের পক্ষ থেকে মাঝেমধ্যে যে উচ্ছেদ অভিযান চলে, তাকে লোকদেখানো হিসেবেই বিবেচনা করতে হচ্ছে। কারণ, কিছুদিন যেতে না যেতেই আবার সেই অবস্থা। সাধারণত স্থানীয় প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের লোকেরাই এসব দখলের পেছনে থাকেন। তাঁরা সেই দোকানপাট থেকে চাঁদা তোলেন। রাজনৈতিক দাপট ও ক্ষমতার সঙ্গে প্রশাসন যেমন পেরে ওঠে না, তেমনি অনেক ক্ষেত্রে তারাও যুক্ত থাকে এসব দখল–প্রক্রিয়ায়। ঢাকাকে বাসযোগ্য ও সচল রাখতে হলে এই চক্র ভাঙতে হবে।
এ ব্যাপারে আমরা রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে মোহাম্মদপুর থেকে গাবতলী পর্যন্ত বেড়িবাঁধ সড়কের দুই পাশসহ সব সরকারি জায়গা ও সড়ক দখলমুক্ত হোক।