সরকারি পাসপোর্ট জালিয়াতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা সেজে ‘অফিশিয়াল পাসপোর্ট’ পাওয়া এবং সেই সরকারি পাসপোর্ট ব্যবহার করে নির্বিঘ্নে বিদেশে যাওয়ার ঘটনাকে ‘ভয়ংকর’ বলে বর্ণনা করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিন্তু এটা শুধু ভয়ংকরই নয়, বিস্ময়করও বটে।
সরকারের অনুমোদন ছাড়া কোনো প্রকৃত সরকারি কর্মকর্তার পক্ষেও যেখানে ‘অফিশিয়াল পাসপোর্ট’ পাওয়া সম্ভব নয়, সেখানে আদৌ সরকারি কর্মকর্তা নন—এমন প্রতারকেরা কীভাবে তা পেয়েছেন? পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ ও পাসপোর্ট ইস্যু করার প্রক্রিয়ায় এত বড় ফাঁকির সুযোগ কীভাবে তৈরি হলো? আর সেটাও এই মেশিন রিডেবল পাসপোর্টের যুগে?
এ তো গেল অফিশিয়াল পাসপোর্ট তৈরির প্রক্রিয়া। এর পর আছে এই পাসপোর্ট ব্যবহার করে বিদেশ যাওয়ার প্রক্রিয়া। সরকারি কর্মকর্তা হিসেবে বিদেশ সফরে যেতে হলে প্রয়োজন হয় সরকারি আদেশ বা গভর্নমেন্ট অর্ডার (জিও)। তারপর রয়েছে বিমানবন্দরে অভিবাসন পুলিশের যাচাই। এতগুলো ধাপে স্রেফ প্রতারণা করে কীভাবে বিদেশে যাওয়া সম্ভব হলো? এই প্রশ্নের সঙ্গে জড়িয়ে আছে পুরো ব্যবস্থার গভীর ফাঁকফোকরের প্রশ্ন।
তিনজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হচ্ছেঘটনাক্রমে তুরস্ক সরকারের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে এ দেশের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের তদন্তে বিষয়টি ধরা পড়েছে এবং অধিদপ্তরের চার কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কিন্তু বিষয়টি এত গুরুতর যে এর আরও গভীর তদন্ত করা জরুরি। সরকারি পাসপোর্ট নিয়ে যাঁরা বিদেশে গেছেন, তাঁদের বিরুদ্ধে মামলা করার কথা বলেছে পাসপোর্ট কর্তৃপক্ষ। মামলা করলেই যে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে, তার নিশ্চয়তা কী?
এ রকম ঘটনা বহির্বিশ্বে বাংলাদেশের পাসপোর্টের বিশ্বাসযোগ্যতা ভীষণভাবে ক্ষুণ্ন করবে, দেশের ভাবমূর্তিও এর ফলে ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।