সরকারি প্রকল্প কি আইন অমান্য করে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মধ্যে তুরাগ নদই সবচেয়ে বেশি অপদখল ও ভরাটের শিকার। নদের আশপাশের ২৬ শতাংশ জলাভূমি গত ১৬ বছরে অবৈধভাবে ভরাট করা হয়েছে। গত সোমবারের প্রথম আলোর খবর, এবার নদ ভরাট করে বাঁধ বানানো চলছে। এটা করা হচ্ছে সরকারিভাবে, চলমান বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের অংশ হিসেবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, নদ ভরাটের কোনো অনুমতি ওই প্রকল্পের আধিকারিকদের নেই। ২০০০ সালে প্রণীত ‘প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন’ নামে পরিচিত আইন এ ধরনের কাজকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করেছে।

টঙ্গী সেতু এলাকার নদের জমি বারেবারেই দখলের থাবার নিচে পড়ছে। গত বছরের শেষে সেখানে বেআইনিভাবে বসা মাছের আড়ত উচ্ছেদ করা হয়। এর ছয় মাস পর গত জুলাই মাসে টঙ্গীর তুরাগ নদের পশ্চিম পারে আবারও সেই বাজার বসতে দেখা যায় এবং একেবারে নদীর জায়গাতেই। এ বিষয়ে জুলাই মাসে প্রথম আলোয় খবর ও সম্পাদকীয় প্রতিবেদন প্রকাশিত হয়। এই দখলের ঘটনায় তখন নাম এসেছিল স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলরের।

আর এবার নদ ভরাটের অপকর্মে জড়িত হয়েছে সরকারেরই উন্নয়ন প্রকল্পে জড়িত লোকজন। তাঁরা একইভাবে আগেও এখানে নদীপ্রবাহ বন্ধ করে সম্পূর্ণ নদী ভরাট করে ফেলেছিলেন। গত ৫ জানুয়ারিতে বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে বাধা পায়। পরে নিজেরাই ভরাট হওয়া জায়গা আবার খনন করে পানিপ্রবাহ স্বাভাবিক করে। পুনর্বার একই জায়গায় একই কায়দায় নদ ভরাট করা আইনকে সরাসরি তুচ্ছ করার প্রমাণ।

যখন দেশে বন্যা চলছে, তুরাগ নদ যখন পানিতে টইটম্বুর, এর মধ্যেও নদের পানিপ্রবাহে বাধা দেওয়ার এই তৎপরতা চরম হতাশাজনক ও বিস্ময়করও বটে। বিস্ময়কর এই কারণে যে নদে কোনো স্থাপনা বা উন্নয়নকাজ চালাতে হলেও বিআইডব্লিউটিএর অনুমতি প্রয়োজন। এই প্রকল্পে সেই অনুমতির তোয়াক্কাও করা হয়নি। আবার চাইলেও বিআইডব্লিউটিএ নদের ক্ষতি করার অনুমতি দিতে পারে না। উচ্চ আদালত এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছেন।

প্রকল্পের পরিচালকেরা এত সব নিয়মনীতি এবং আইন ও আদালতের প্রতি যদি শ্রদ্ধাবান হতেন, তাহলে কোনোভাবেই এমন কাজ করতে পারতেন না। খেয়ালখুশিমতো এভাবে প্রাকৃতিক সম্পদ নষ্টের নাম স্বেচ্ছাচার। এই স্বেচ্ছাচার শুধু বন্ধ করাই নয়, বারবার আইন ও আদালতকে উপেক্ষা করে বেআইনি নদ ভরাটের জন্য দায়ীদের শাস্তি দেওয়াও জরুরি। শাস্তির ভয় যদি না থাকে, তাহলে নদ ভরাটের অপকর্ম অব্যাহতভাবে চলতেই থাকবে।