সরকারি প্রতিষ্ঠানগুলোর অনিয়ম-দুর্নীতি চিহ্নিত করার দায়িত্বে নিয়োজিত সাংবিধানিক সংস্থা মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের কিছু চ্যালেঞ্জ তুলে ধরেছেন সিএজি, যার মধ্য দিয়ে বাংলাদেশে সুশাসনের শোচনীয় চিত্র ফুটে উঠেছে।
গত সোমবার এক সংবাদ সম্মেলনে সিএজি মাসুদ আহমেদ অভিযোগ করেছেন, সরকারি প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর অনিয়ম করে যাচ্ছে, নিরীক্ষায় সেসব অনিয়ম ধরা পড়ছে, কিন্তু কোনো প্রতিকার হচ্ছে না। কারণ, সিএজি কার্যালয়ের সুপারিশ অনুযায়ী সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয় না। এমনকি তারা নিরীক্ষা পর্যবেক্ষণের জবাব দেয় না এবং সময়মতো নথিপত্র সরবরাহ করে না। সরকারি প্রতিষ্ঠানগুলো দায়িত্বশীল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় তথ্য দেয় না—এই অভিযোগ গুরুতর। এর অর্থ রাষ্ট্রীয় আয়-ব্যয় নির্বাহের চলমান ব্যবস্থায় অনিয়ম-দুর্নীতি স্থায়ী ব্যাধির রূপ নিয়েছে এবং ব্যাধি নিরাময়ের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে প্রায়-অকার্যকর করে ফেলা হয়েছে।
নিরীক্ষার পর সিএজি কার্যালয় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছ থেকে ছয় হাজার ১৯৫ কোটি ৮৬ লাখ টাকা আদায়ের সুপারিশ করেছে। অর্থাৎ এই বিপুল পরিমাণ অর্থের নয়ছয় করা হয়েছে। এর কতটা আদায় হবে, তা নিয়ে গুরুতর সন্দেহ আছে। কারণ, প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ অনাদায়ি থেকে যায়। যদি অনাদায়ি রাখার সুযোগ অব্যাহত থাকে, তাহলে সিএজি কার্যালয়ের নিরীক্ষা ও অনিয়ম-দুর্নীতি চিহ্নিতকরণের কী অর্থ থাকে? অনিয়ম-দুর্নীতি প্রতিকারের জন্য দুদক রয়েছে, সিএজি কার্যালয়ের নিরীক্ষা প্রতিবেদনগুলো দুদকের দৃষ্টি আকর্ষণ করে কি? নাকি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়াই দুদকের নিয়তি?
আসলে সরকারি প্রতিষ্ঠানগুলোর অনিয়ম-দুর্নীতি নিরাময়ের বিষয়টি সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও সদিচ্ছার সঙ্গে জড়িত। এটা সুশাসনের প্রতি সরকারের অঙ্গীকারের বিষয়ও বটে।
সরকারি প্রতিষ্ঠানগুলোতে এত ব্যাপক অনিয়ম-দুর্নীতি বছরের পর বছর চলতে দেওয়া যায় না। প্রতিবছর যথাসময়ে সিএজি কার্যালয়ের নিরীক্ষা প্রতিবেদনগুলোর সুপারিশ বাস্তবায়ন সরকারকেই নিশ্চিত করতে হবে।