রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে অনেক পদ ফাঁকা থাকলেও নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ৭ হাজার ২৬২টি পদের জন্য। আর এর জন্য আবেদন করেছেন ৩০ লাখ চাকরিপ্রার্থী। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও এসব পদের নিয়োগ পরীক্ষাই অনুষ্ঠিত হয়নি। দেশে যখন উচ্চশিক্ষিত মানুষের মধ্যে বেকারত্বের হার হতাশাজনক, তখন পদ খালি থাকা সত্ত্বেও ঝুলিয়ে রাখা একধরনের বঞ্চনা। আর এর শিকার হচ্ছেন হাজারো যোগ্য প্রার্থী।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে নিয়োগ পরীক্ষা নেওয়ার দায়িত্ব ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি)। তাদের কাজ হলো ব্যাংকার নিয়োগে স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকতা রক্ষা করা। কিন্তু ২০১৫ সালে এই কমিটি গঠনের পর থেকে উল্টো নিয়োগ–প্রক্রিয়া স্থবির হয়ে আছে। সরকারি পরিকল্পনা প্রণয়ন আর তা বাস্তবায়নে সমন্বয়হীনতার খপ্পরে পড়েছে এ খাতটিও। গত বৃহস্পতিবারের প্রথম আলোয় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, মাত্র ১৯ জনের লোকবল নিয়ে চলা প্রতিষ্ঠানটি নিজেই রয়েছে বিপাকে। বিএসসির মাধ্যমে সমন্বিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটি ভালো হলেও প্রতিষ্ঠানটির মাধ্যমে নিয়োগ দেওয়ার কাজ মুখ থুবড়ে পড়েছে। প্রতিষ্ঠানের ব্যর্থতা ও দুর্বলতা যে অনেক মানুষকে আশাহীন করার কারণ হয়, এই মানবিক সত্যটি বুঝতে হবে।
বাংলাদেশে উচ্চশিক্ষিত মানুষের মধ্যে বেকারত্বের হার ১৬ দশমিক ৪ শতাংশ। এ বছর নাগাদ এই হার ১৭ শতাংশে উন্নীত হবে বলে সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট রিসার্চ (সিডার) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত সমীক্ষা জানিয়েছে। এর বিপরীতে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি-বেসরকারি উদ্যোগের দিকে তাকালে হতাশ হতে হয়। বেকারত্ব নামক জ্বলন্ত সমস্যার বিপরীতে সরকারি ব্যাংকগুলোতে সাত হাজারেরও বেশি পদ দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকবে, এটা মানা যায় না।
আমরা আশা করি, বিএসসি অতি দ্রুত নিজেদের লোকবলের ঘাটতি মিটিয়ে শূন্য পদে পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত করবে। শুধু তা-ই নয়, সব কটি সরকারি ব্যাংকে মোট শূন্য পদের সংখ্যা নিরূপণ করে বাকিগুলোতেও নিয়োগ দেওয়ার পদক্ষেপ এখনই নেওয়া হোক।