সরকারে ও মহাজোটে আস্থার সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদের অন্তিমে এসে বাংলাদেশে কোনো সরকারের সময় ভালো যায় না। নির্বাচনের দিন যত এগিয়ে আসে, সরকারের ভেতরে তত অস্থিরতা বাড়তে থাকে। মন্ত্রী-নেতাদের আচরণ ও বক্তৃতা-বিবৃতিতে বেপরোয়া ভাব লক্ষ করা যায়। ২০০৯ সালে মহাজোট যখন দেশ শাসনের দায়িত্ব নেয়, তখন কেউ ভাবতে পারেননি যে চার বছরেরও কম সময়ের মধ্যে সেই সরকারটি সবকিছু লেজেগোবরে করে ফেলবে, প্রশাসন ও দলের ওপর নিয়ন্ত্রণ এতটা শিথিল হয়ে পড়বে। আমরা যখন এই সরকারের সাফল্য-ব্যর্থতার হিসাব কষছি, তখন বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের তুলনা করছি না। কেননা, সেই সরকারের শুরুটাই হয়েছিল রাজনৈতিক প্রতিশোধস্পৃহা এবং সংখ্যালঘু নির্যাতনের মধ্য দিয়ে। তাদের আমলে প্রায় পুরোটা সময়ই ছিল জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক শক্তির তাণ্ডব। সেদিক থেকে শেখ হাসিনা সরকারের যাত্রাটা ‘শুভমসুন্দরম’ ছিল। যে কারণে পিলখানা ট্র্যাজেডিও সরকার শক্ত হাতে মোকাবিলা করতে পেরেছিল। কিন্তু পৌনে চার বছরের ব্যবধানে সরকারের অনেক সাফল্য ও অর্জনই ম্লান হয়ে পড়েছে ছাত্রলীগ নামধারীদের সন্ত্রাস, দলীয় নেতা-কর্মীদের চাঁদাবাজি, দখলবাজি এবং নীতিনির্ধারকদের বেলাগাম বক্তৃতা-বিবৃতিতে। এ মুহূর্তে শেখ হাসিনার সরকারের বড় চ্যালেঞ্জ কী? কেউ বলবেন পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন জটিলতা, কেউ বলবেন সবার অংশগ্রহণে একটি নির্বাচন করা, কিংবা গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসকে নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ওঠা। কারও মতে, শেয়ারবাজার ও ব্যাংকিং খাতে হল-মার্ক কেলেঙ্কারি। কিন্তু এসবকে ছাড়িয়ে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আত্মবিশ্বাসের অভাব। মন্ত্রী ও উপদেষ্টাদের মধ্যে চরম অস্থিরতা। তাঁরা অন্যদের ওপর যেমন ভরসা রাখতে পারছেন না, তেমনি নিজেদের ওপর আত্মবিশ্বাসও হারিয়ে ফেলছেন। তাই দলের নীতি-আদর্শ ও কর্মসূচিকে এগিয়ে নেওয়ার চেয়ে তাঁরা অন্যদের দোষ ধরতেই ব্যস্ত।অথচ একটি জনমুখী সরকারের উদ্বিগ্ন থাকার কথা জনগণের সমস্যা-সংকট এবং নির্বাচনী প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পেরেছে, কতটা পারেনি তা নিয়ে। কিন্তু পূর্বসূরিদের মতো বর্তমান সরকারের মন্ত্রী-উপদেষ্টারা গভীর আত্মতৃপ্তিতে ভুগছেন। প্রায় সব ক্ষেত্রে, তাঁদের ভাষায় ‘ব্যর্থ ও অকার্যকর বিএনপি-জামায়াত সরকারের’ সঙ্গেই নিজেদের তুলনা করছেন। বর্তমান সরকার যেসব ক্ষেত্রে সফলতা দেখিয়েছে, সেসব ক্ষেত্র কেউ প্রশ্ন তুলছে না কিংবা তুললেও সেটি জনসমর্থন পাচ্ছে না। যেমন, খাদ্য ঘাটতির দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব হয়েছে শেখ হাসিনার দুই সরকারের আমলেই এবং তার কৃতিত্ব কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর। এ ছাড়া শিক্ষা ও তথ্যপ্রযুক্তি, সামষ্টিক অর্থনীতি, রপ্তানি, রেমিট্যান্স বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনেও সরকার কমবেশি সাফল্য দেখিয়েছে। তবে মহাজোট যে নির্বাচনী প্রতিশ্রুতিটি পূরণে আন্তরিকভাবে কাজ করছে, সেটি হলো যুদ্ধাপরাধের বিচার। প্রথম দিকে এ নিয়ে নানা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও এখন এ কথা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে। সরকারের সমালোচকেরাও এই সত্যটি স্বীকার করছেন। কিন্তু সম্প্রতি এই বিচার বন্ধের দাবিতে জামায়াত-শিবির সারা দেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবিলা করতে পারছে না। অনেকেই এর জন্য সরকারের সমন্বয়হীনতাকে দায়ী করেন। বিএনপির যেকোনো কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ‘প্রতিরক্ষাব্যূহ’ তৈরি করলেও এ ক্ষেত্রে শিথিল হওয়ার কারণ কী? জামায়াত-শিবিরের এই সশস্ত্র তৎপরতার প্রতিবাদে গত শুক্রবার যুব সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যে সমাবেশ ডেকেছিল তাতে মন্ত্রী ও নেতারা পাল্টাপাল্টি বক্তব্য রেখেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছিলেন, ‘যেখানেই জামায়াত-শিবির ও সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা দেখবেন, সেখানেই তাদের প্রতিহত করবেন। তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করবেন।’মন্ত্রী বক্তৃতা দিয়ে চলে যেতেই যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী তাঁর বক্তব্যের প্রতিবাদ করে বলেন, ‘অফিসে ঢুকে জামায়াত খুঁজে পান না, আর এখন বলছেন জনগণকে জামায়াত-শিবির খুঁজতে হবে। যুবলীগকে তাদের খুঁজতে। এটা তাদের কাজ নয়।’ তিনি এই বলেও সন্দেহ করেন যে ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও জামায়াত-শিবির থাকতে পারে।’ (প্রথম আলো, ১০ নভেম্বর ২০১২)।সরকারের দায়িত্ব গ্রহণের পরপর যদি যুবলীগ নেতা এই বক্তব্য দিতেন, আমরা অবাক হতাম না। ক্ষমতায় থাকতে বিএনপি-জামায়াত জোট তাদের সমর্থকদের প্রশাসনে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ঢুকিয়ে যাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু চার বছর ধরে সরকারের শুদ্ধি অভিযানের পরও জামায়াতের লোক পুলিশে থাকল কীভাবে? সরকারের যেসব মন্ত্রণালয় নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল, প্রধানমন্ত্রী প্রথম দিকে সেসব সমালোচনাকে পাত্তাই দিতে চাননি, মন্ত্রী-উপদেষ্টা-সাংসদদের ব্যর্থতা নিয়ে পত্রিকায় কিছু লিখলেই মহাষড়যন্ত্র বলে অভিহিত করতেন। তিনি যখন ভুল বুঝতে পেরে মন্ত্রী বদলালেন, তখন অনেক দেরি হয়ে গেছে। যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী প্রথমে যাঁকে দিয়েছিলেন, সেই সৈয়দ আবুল হোসেন দেশের মানুষের যোগাযোগব্যবস্থার উন্নয়ন না করে অন্য যোগাযোগ নিয়ে ব্যস্ত ছিলেন বলে জনশ্রুতি আছে। এ কথা ঠিক যে, গরিব ও অপ্রতুল বাজেটের দেশে এক-দুই বছরে সব রাস্তাঘাট ঠিক করা সম্ভব নয়। কিন্তু চেষ্টা তো করতে হবে। সৈয়দ আবুল হোসেন মেট্রোরেল, পাতালরেল, উড়ালপথ কিংবা চার লেন সড়কের মহা মহা প্রকল্প ছাড়া কোনো বিষয়ে নজর দেননি। বর্তমান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে যে মহা উন্নতি করেছেন, সে দাবি কেউ করবেন না। কিন্তু মানুষ দেখছে তাঁর চেষ্টা আছে। একজন মন্ত্রী প্রতিদিন রাস্তায়-সেতুতে ঘুরে ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলছেন, তাদের সুখ-দুঃখের কথা শুনছেন, সেটাই বা কম কিসে? প্রধানমন্ত্রী টিভি টক শোওয়ালাদেরকে সুযোগ পেলেই একহাত নেন, একবার গোস্সা করে সাংবাদিকদের আমন্ত্রণ জানানোও বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু সেই টিভি টক শোতে গিয়ে যখন তাঁর সরকারের একজন মন্ত্রী আরেকজন সাবেক মন্ত্রীর চোখ তুলে ফেলার হুমকি দেন, তখন মানুষ সেটিকে কীভাবে দেখবে? মন্ত্রীর পদে থেকে কেউ কি এ ধরনের বক্তব্য দিতে পারেন? দিন যতই যাচ্ছে সরকারের ভেতরে অস্থিরতা এবং আত্মবিশ্বাসের অভাব বাড়ছে। নেতা বনাম মন্ত্রী, মন্ত্রী বনাম উপদেষ্টা—কেউ কাউকে বিশ্বাস করেন না। এখন দেশে যেটি চলছে তা হলো নালিশের গণতন্ত্র। উপজেলা চেয়ারম্যান নালিশ করেন সাংসদের নামে, কর্মী নালিশ করেন নেতার নামে, সাংসদ নালিশ করেন মন্ত্রীর নামে, মন্ত্রী নালিশ করেন উপদেষ্টার নামে। জনগণের নালিশ শোনার কেউ নেই।স্থানীয় সরকারব্যবস্থাকে টেকসই ও কার্যকর করতে সরকারের মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেললেও দেশের বৃহত্তম স্থানীয় সরকার প্রতিষ্ঠান ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন দিচ্ছে না। কেন? জয়ের ব্যাপারে তাদের আত্মবিশ্বাস নেই। বছরের শুরুতে সিটি নির্বাচনের উদ্যোগ নিয়ে দেখা গেল, জেতা তো দূরে থাক, বিরোধী দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার মতো প্রার্থীও ক্ষমতাসীন দলের নেই। যে কারণে মামলার ফাঁদে ফেলে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন আটকে দেওয়া হয়েছে। যেই মন্ত্রণালয়ের দায়িত্বে এই সিটি করপোরেশনটি, সেই মন্ত্রণালয়ের সচিব এখন বলেছেন, পুরোনো ওয়ার্ড সীমানায়ই নির্বাচন করতে চান তাঁরা। এই সিদ্ধান্তটি নিতে সরকারের চার বছর সময় লাগল? সচিব মহোদয় পত্রিকায় কোন খবর কত কলাম হওয়া উচিত, সে ব্যাপারে সাংবাদিকদের সবক দিলেও সিটি করপোরেশন নির্বাচনটি করতে পারেন না। সম্প্রতি তাঁর একটি বক্তৃতা জনমনে কৌতূহল জাগিয়েছে। তিনি বলেছেন, ঘরের কাজকর্ম চালানোর জন্য যেমন চাকর রাখতে হয়, তেমনি সরকারের কাজকর্ম চালানোর জন্যও মন্ত্রী-নেতাদের পাশাপাশি কিছু চাকর প্রয়োজন। তাঁর এই বক্তব্যটি অতিশয় ভক্তি, না ভীষণতর ক্ষোভের বহিঃপ্রকাশ—তা বোঝা গেল না। সচিব মহোদয় আমাদের এ ব্যাপারে জ্ঞান দিলে বাধিত হব। সরকারের দ্বিতীয় আত্মবিশ্বাসের অভাব লক্ষ করা যাচ্ছে ভারত নিয়ে। সরকারি দলের নেতা ও মন্ত্রীরা ভারতকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধু হিসেবে অভিহিত করলেও জনমনে ধারণা যে বর্তমান সরকার ভারত থেকে বাণিজ্য-সুবিধা ছাড়া তেমন কিছু আদায় করতে পারেনি। শেখ হাসিনার প্রথম সরকার গঙ্গার পানি বণ্টন চুক্তি ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি করেছিল। এবার ভারত কথা দিয়েও তিস্তার পানি বণ্টন চুক্তি করেনি। কবে করবে তার নিশ্চয়তা নেই। এ নিয়ে দেশে সরকারের ব্যাপক সমালোচনা আছে। বিরোধী দলের নেতা খালেদা জিয়া যখন ভারতে গিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের কথা বলেন, যখন টিপাইমুখ নিয়ে সরকারের দেওয়া প্রস্তাবকে সমর্থন করেন, তখন সরকারি দলের নেতারা হইচই করে উঠলেন, তাঁদের বন্ধুত্ব বুঝি চলে গেল। এই আত্মবিশ্বাসের অভাব প্রকট হয়েছে পদ্মা সেতু নিয়েও। দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ এনে বিশ্বব্যাংক যখন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সরিয়ে দিতে বলল, তখন সরকার বিষয়টি আমলেই নিল না। এরপর কথা চালাচালি ও চিঠি আদান-প্রদানে নয় মাস চলে যাওয়ার পর গত ২৯ জুন বিশ্বব্যাংক চুক্তিটি বাতিল করার পরও নীতিনির্ধারকদের টনক নড়ল না। তাঁরা জোর গলায় বলতে লাগলেন, বিশ্বব্যাংক অর্থ দেয়নি তো কী হয়েছে, আমরা নিজেদের অর্থ দিয়েই পদ্মা সেতু করব। পাকিস্তানের নেতা জুলফিকার আলী ভুট্টো যেমন ঘাস খেয়ে হলেও ভারতের সঙ্গে যুদ্ধ করতে বদ্ধপরিকর ছিলেন; তেমনি আওয়ামী লীগের নেতারা প্রয়োজনে এক বেলা না খেয়ে পদ্মা সেতুতে অর্থ ব্যয় করার ঘোষণা দিয়েছিলেন। যখন দেখা গেল, তাঁদের আহ্বানে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না, তখন আবার বিশ্বব্যাংককে ফিরিয়ে আনতে নানা কসরত করতে থাকলেন।আস্থার অভাব আছে মহাজোটের শরিকদের মধ্যেও। গতকাল ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে তার কিছু কিছু উল্লেখ করেছেন। আওয়ামী লীগ বরাবরই বামদের ঘরের লোক মনে করে, তাদের ওজর-আপত্তিকে আমলে নেয় না। কেননা, তারা জানে বামরা আর যা-ই হোক বিএনপি-জামায়াতের সঙ্গে যেতে পারবে না। কিন্তু এবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগাম ঘোষণা দিয়ে রেখেছেন, ঢাকায় পাঁচ লাখ লোকের সমাবেশ করে তিনি মহাজোট ছেড়ে দেবেন। আমাদের দেখার বিষয় আওয়ামী লীগ কী করে? আগামী নির্বাচন তক এরশাদ আরও অনেক নাটক করবেন। প্রশ্ন হলো, আওয়ামী লীগ তার নীতি ও আদর্শে অটল থাকবে, না নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে এরশাদের গোস্সা ভাঙতে যা যা করণীয় তার সবই করবে? সোহরাব হাসান: কবি, সাংবাদিক। sohৎ[email protected]