সরকারের আশায় থাকলে দেশে কিছুই হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) পড়া হয় ১৯০টি দেশ থেকে। পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এই মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।বিশ্বব্যাংক-অধ্যায় সমাপ্তপদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের কাছ থেকে অর্থ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তবে সরকার সে সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংককে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এম শওকত আলী লিখেছেন: এই ডিজিটাল সরকার প্রমাণ করেই ছাড়ল যে ১৬ কোটি মানুষের চেয়ে একজন ‘আবুল’ তাদের কাছে কত বেশি গুরুত্বপূর্ণ। এরা আবার জনগণের দোহাই দেয় কথায় কথায় আর বলে, জনগণের ভাগ্যের উন্নতি হয় আওয়ামী লীগ ক্ষমতায় এলে। বিপুল গণসমর্থন নিয়ে ক্ষমতায় আসা একটি সরকারের জনগণের প্রতি এই শতাব্দীর সবচেয়ে মর্মান্তিক ও হূদয়বিদারক পরিহাস বোধ হয় এই পদ্মা সেতু বনাম আবুল ‘কাণ্ড’। হায় রে আমার দুর্ভাগা দেশ!স্বাগতা: শেষ পর্যন্ত সরকার সৈয়দ আবুল হোসেনের পক্ষেই অবস্থান নিল।...কিন্তু কেন? সরকারের কী লাভ? দেশীয় উদ্যোগে পদ্মা সেতু করবে বলে যে ভয়ংকর ঘোষণা সরকার বাহাদুর দিয়েছে, অর্থনীতিতে এর কী প্রভাব পড়বে, তা নিয়ে কি একটুও চিন্তা নেই? আওয়ামী সরকার আসলে কিংকর্তব্যবিমূঢ়। এই সরকারের কাছে অনুরোধ, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের নামে আমাদের আর ক্ষতি করবেন না।ইরফান আহমেদ: পাল্লার মাপে প্রধানমন্ত্রীর কাছে ১৬ কোটি মানুষের চেয়ে একজন আবুলের ওজন অনেক বেশি। সুতরাং আবুলের জিত হলো, হেরে গেলাম আমরা দেশবাসী। পদ্মা সেতু, তুমি স্বপ্নেই থেকে গেলে।নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে চায় সরকারবিশ্বব্যাংকের অর্থ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করতে চায়। এ জন্য বর্তমান নকশায় পরিবর্তন আসতে পারে। এ বিষয়ে রানা আহমেদ লিখেছেন: প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের তরফে এখন সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য যেসব কথাবার্তা বলা হচ্ছে এবং প্রস্তাব উত্থাপন করা হচ্ছে, তা হাস্যকর। কারণ, সরকারের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক এ প্রকল্পের ঋণচুক্তি বাতিল করেছে। সরকার এখন নিজের চুরির দায়ভার জনগণের ওপর চাপাতে চাইছে এবং নিজেদের দুর্নীতি ও পাপ ঢাকার জন্য নানা রকম ভিত্তিহীন, অসার কথাবার্তা বলছে। সরকারের দুর্নীতির দায়ভার জনগণ নেবে কেন? এর জন্য তো জনগণ দায়ী নয়।জাহিদ হোসাইন: দোষ করবে একজন আর তার খেসারত দেবে পুরো দেশবাসী। এখন জোর করে হলেও ভাবাবেগ তৈরি করে জনগণের কাছ থেকে টাকা আদায় করা হবে। চড়া সুদে ঋণ করবে আর সেই টাকা গুনতে হবে দেশের মানুষকে। ওনাদের কী? ওনাদের বাজারের ব্যাগ তো আর বাজার থেকে খালি ফেরে না। এ যেন চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া। ঋণ করে এত টাকার অস্ত্র না কিনে, তা কি পদ্মা সেতুতে ব্যয় করা যেত না? আমরা পানি খেয়ে থাকব (তা-ও ময়লা) আর ওনারা পোলাও-বিরিয়ানি খাবেন আয়েশ করে।নাসের বাবু: দুটি ট্রাকের সমান জ্বালানি দিয়ে যেখানে দুই হাজার ট্রাকের ধারণক্ষমতাসম্পন্ন মালামাল ট্রেনেই পরিবহন করা যায়, সেখানে রেললাইন মূল ডিজাইন থেকে বাদ পড়াটা কিছুতেই মেনে নেওয়া যায় না।সংসদে উত্তাপ, খালেদাকে ক্ষমা চাইতে হবেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি ওয়াশিংটন টাইমস-এ একটি নিবন্ধ লিখেছেন। ওই নিবন্ধে তিনি বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেছেন। এ নিয়ে জাতীয় সংসদে মহাজোটের সাংসদেরা তাঁর তীব্র সমালোচনা করেন। এ খবরের প্রতিক্রিয়া জানিয়ে মাহতাব হোসেন লিখেছেন: আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিরোধী দলে থাকাকালে এ দেশের গণতন্ত্র রক্ষার জন্য বিদেশিদের কাছে বহু আবেদন-নিবেদন করেছিলেন আর এখন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জানালেন। বর্তমান প্রধানমন্ত্রী বিরোধী দলে থেকে একসময় তত্ত্বাবধায়ক সরকারের জন্য অনেক আন্দোলন-সংগ্রাম-জ্বালাও-পোড়াও করেছেন, তখন বর্তমান বিরোধীদলীয় নেতা সরকারের প্রধান ছিলেন এবং তিনি তা অসাংবিধানিক বললেও তা কেউ শোনেননি; আর এখন ঘটছে ঠিক উল্টোটা। প্রকৃতপক্ষে দেশসেবার উল্টো কাজটা করতে কেউ-ই কম যান না। শুধু আমরা পড়েছি এক অদ্ভুত গ্যাঁড়াকলে—ওনাদের যুদ্ধে আমাদের প্রাণান্ত অবস্থা, আর দেশের বারোটা বাজছে।হেলাল: যদি নিরপেক্ষভাবে চুলচেরা বিশ্লেষণ করে বলি, তা হলে খালেদা জিয়ার আগে যাঁরা ক্ষমতায় ছিলেন, তাঁরা যে বহু দেশের কাছে এ দেশের বদনাম করেছেন, সেগুলোর বিচার কে করবে? আজ জনগণের কাছে এটাই হবে একটি বড় প্রশ্ন! আর জনগণকে এত বোকা ভাবা ঠিক নয়।চাকরি খুঁজো না, চাকরি দাওতরুণদের নিজ উদ্যোগে কিছু করার জন্য মুনির হাসান তাঁর এ লেখায় আহ্বান জানিয়েছেন। প্রথম আলোর পাঠকদের কাছে তা প্রশংসিত হয়েছে। কেউ কেউ অন্য প্রশ্নও তুলেছেন। নিজের প্রতিক্রিয়ায় মো. আরিফুর রহমান চৌধুরী লিখেছেন: মানুষের কাজ না করে কী করব আর অন্য মানুষকে কাজ দেব কী করে? কাজ দিতে হলে কাজ সৃষ্টি করতে হবে। আমাদের দেশে কোনো কাজ সৃষ্টি করাটাই কঠিন। কর্মক্ষেত্র তৈরি করতে আপনি আর্থিক (ব্যাংকঋণ), সামাজিক (গ্রহণযোগ্যতা), প্রশাসনিক (নিরাপত্তা) সাহায্য পাবেন না। তো, আপনি কর্মক্ষেত্র তৈরি করবেন কী করে? তার পরও অনেকেই করে যাচ্ছেন, তাঁদের সাধুবাদ জানাই।হাসান মাহমুদ: লেখাটা খুবই বাস্তবসম্মত ও সময়োপযোগী হয়েছে। আমার অনার্স শেষ হলো মাত্র দুই সপ্তাহ আগে। মাস্টার্সের ক্লাস শুরু করেছি। পাশাপাশি নিজের শুরু করা উদ্যোগটিকে এগিয়ে নিতে কাজ করছি। কিন্তু এখনই পরিবার থেকে চাকরি করার জন্য বলা হচ্ছে। তাই খুব মানসিক চাপে আছি। এ অবস্থায় এ লেখাটি আমার খুবই প্রয়োজন।শিবলী আমিন: সরকারের আশায় থাকলে আমাদের দেশে কিছুই হবে না। এ দেশের রাজনীতি পচে দুর্গন্ধ হয়ে গেছে। আর এরাই আরও অনেক দিন দেশটাকে শুষতে থাকবে। আমাদের সবার নিজ নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে, বিশেষ করে সামর্থ্যবানদের। আর তা হলেই একটু একটু করে পরিবর্তন আসবে। স্মার্টের চেয়ারম্যান ও এমডির রিমান্ড মঞ্জুরস্মার্ট গার্মেন্টসের দুই শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলেও তাজরীন ফ্যাশনসের মালিককে কিছুই বলা হয়নি। এ সম্পর্কে এম ওমর খৈয়াম লিখেছেন: বিষয়টি অস্পষ্ট। তাজরীনের দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এর অনেক গুণ বেশি হলেও স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, মালিককে গ্রেপ্তার করলে সমস্যার সমাধান হবে না। অথচ স্মার্ট এক্সপোর্টের মালিকের ক্ষেত্রে এর ব্যতিক্রম কেন?রঞ্জিত কুমার বালা: একই ধরনের দুটি দুর্ঘটনা, কিন্তু ছোট দুর্ঘটনায় যেখানে তার মালিক গ্রেপ্তার হলেন, সেখানে সবচেয়ে বড় দুর্ঘটনায় তার মালিক গ্রেপ্তার তো দূরে থাক, উল্টো সরকারের মন্ত্রী-সাংসদেরা তাঁর পক্ষে সাফাই গাইছেন। দেশ কোন আইনের মাধ্যমে চলছে!বানি আমিন: কারখানায় আগুন লাগলেই যদি মালিকদের ধরে নিয়ে যাওয়ার রীতি চালু হয়, তাহলে সবার গার্মেন্টস ব্যবসা বন্ধ করে অন্য ধান্দা করা উচিত। কেন এত ঝুঁকি নিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে যাবেন?জেড রহমান: বন্ধুরা মন্তব্য করা সহজ, কিন্তু একবার ভেবে দেখেছেন যে শিপমেন্ট ঠিক রাখতে মানুষকে কত পরিশ্রম করতে হয়। হরতাল, মিছিল, সমাবেশের কারণে কত শিপমেন্ট যে পিছিয়ে পড়ে, তার দায়িত্ব কে নেবে? ১০ হাজার ডলার লাভের আশায় শিপমেন্ট পিছিয়ে যাওয়ার কারণে ৪০ হাজার ডলার বিমানভাড়া দিতে হয়েছে। অনেক মালিকের ভুল আছে। তাঁদের ভুলে প্রাণ যায়, এটাও ঠিক। তাঁর বিচার করুন। কিন্তু রিমান্ড কেন? যদি রিমান্ডে নিতে হয়, তবে যাঁদের কারণে শিপমেন্টের তারিখ ঠিক রাখতে পারি না, তাঁদেরও নিন। যে ঘুষখোর অফিসারদের থেকে অনুমতি নিতে লাখ লাখ টাকা খরচ করতে হয়, তাঁদেরও নেন।(পাঠকের মতামত বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)