কেরানীগঞ্জের অপহূত শিশু পরাগ মণ্ডলের ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলল বাংলাদেশ। শিশুটির পরিবারের জন্য এই স্বস্তির দাম পড়ল নগদ ৫০ লাখ টাকা। তবু স্বস্তি। ওর দাদির ভাষ্য: টাকা গেছে দুঃখ নেই, নাতি তো ফিরে এসেছে! স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর অবশ্য একটা ধন্দ বাঁধালেন—৫০ লাখ টাকা মুক্তিপণ পরিশোধ করা হয়েছে, এমন কোনো বস্তুনিষ্ঠ খবর নাকি তাঁদের কাছে নেই। আবার তিনিই বলেছেন, সন্ত্রাসীরা যে শর্ত দিয়েছিল, তা মানা হয়েছে। কারণ, তাঁর ভাষ্য, পরাগকে জীবিত অবস্থায় তার মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়াই ছিল তাঁদের উদ্দেশ্য। ধন্দটা হলো, স্বরাষ্ট্রমন্ত্রীর বাহিনী তাহলে কী শর্ত মেনে নিল যে তার বিনিময়ে অপহরণকারীরা পরাগকে জীবিত অবস্থায় মা-বাবার কাছে ফিরে যেতে দিল?রোববার সকালে মা ও বোনের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে ছয় বছরের পরাগ যেভাবে অপহূত হয়েছে, তার বিবরণ আমরা সংবাদপত্রে পড়েছি। ওদের বাসা থেকে মাত্র ৫০ গজ দূরে, গলির মুখে, রাতের অন্ধকারে নয়, সকালের ঝলমলে আলোয় কয়েকটা লোক ওর মায়ের বুকে আর বোনের পায়ে গুলি করে ওকে ছিনিয়ে নিয়ে গেল। সত্যি সত্যি না ঘটা পর্যন্ত এ রকম ঘটনাকে অবিশ্বাস্য ও অসম্ভব বলে মনে হয়। কিন্তু যখন ঘটে যায়, তখন নিরাপত্তার বোধকে খুবই পাতলা একটা আবরণ বলে মনে হয়।ছিনতাই, ডাকাতি, খুন, অপহরণ, গুম ইত্যাদি দেখে দেখে অনেকে হতাশ হয়ে বলেন, বাংলাদেশে সবকিছুই ঘটতে পারে, এ দেশে অসম্ভব বলে কিছু নেই। এ ধরনের কথা শুনে মনে হতে পারে, আমাদের সংবেদনশীলতা ভোঁতা হয়ে গেছে, আমরা নির্বিকার হয়ে পড়েছি। কোনো কিছুতেই আমাদের আর কিছু এসে যায় না। কথাটা পুরোপুরি সত্য নয়। পরাগের অপহরণের খবর দেশের মানুষকে ভীষণভাবে নাড়া দিয়েছে। তারা ভীষণ উদ্বেগ আর ঔৎসুক্য নিয়ে অপেক্ষায় থেকেছে পরাগের খবর জানার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা থেকে বোঝা যায়, আইন প্রয়োগকারী সংস্থাগুলোও নির্বিকার থাকতে পারেনি। বরং সংবাদমাধ্যমে তাদের যে তৎপরতার খবর বেরিয়েছে, তার সবটা সত্য হলে বলতে হবে, সবার মতো তারাও বেশ নাড়া খেয়ে গেছে।পুরো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত যে বিবরণ এখন পাওয়া যাচ্ছে, তা থেকে এই ঘটনাকে বলা যেতে পারে এটি একটি পূর্বঘোষিত অপহরণ/ মুক্তিপণ আদায়ের কাহিনি। আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপহরণকারীদের সম্পর্কে সমস্ত কিছুই জেনে গেছে। পরাগ অপহূত হওয়ার পরের মুহূর্ত থেকে তার ফিরে আসা পর্যন্ত সবকিছু ঘটেছে আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টিসীমার ভেতরেই। তাহলে প্রশ্ন, যা কিছু ঘটেছে, তা ঘটতে দেওয়া হলো কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, পরাগের নিরাপত্তা নিশ্চিত করতেই আইন প্রয়োগকারী সংস্থা অপহরণকারীদের দেওয়া শর্ত অনুযায়ী আচরণ করেছে। এ কথা সত্য হলে অপহরণকারীরা ধন্যবাদ পাওয়ার দাবি রাখে। কারণ, তারা পরাগকে মা-বাবার কাছে ফিরে আসতে দিয়েছে।কিন্তু এরপর কী? আমাদের অধীর অপেক্ষা, এর পরে কী ঘটে। আইন প্রয়োগকারী সংস্থার পাতা যে জালের ভেতরে অপহরণকারীরা ঘটনাটি ঘটিয়েছে, স্বাভাবিক অনুমান, সেই জালের ভেতরেই তারা এখনো আছে। নাকি জালটি ফুটো করে দুর্বৃত্তরা ইতিমধ্যে পগারপার? অবশ্য এ রকম সংশয়কে আমরা জায়গা দিতে চাই না। কেননা, তাতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিদারুণ অদক্ষতা/ অবহেলা/ ব্যর্থতা প্রতিফলিত হবে, যা জনগণ সহজে ক্ষমা করতে পারবে না। আমরা ভাবতে চাই, অপহরণকারীরা সেই জালের ভেতরেই রয়েছে, বেরিয়ে যাওয়ার কোনো পথ তাদের নেই।তাহলে সেই জাল গুটিয়ে নেওয়া শুরু হবে কখন? ওদের পাকড়াও করতে আর কতক্ষণ লাগবে?সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটি একটি অপূর্ব সুযোগের মুহূর্ত। যারা পরাগকে অপহরণ করেছিল, তা করতে গিয়ে তার মা ও বোনকে গুলি করে জখম করেছে এবং মুক্তিপণ আদায় করার পর তাকে ছেড়ে দিয়েছে, তাদের সবাইকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ অপরাধ দমনে এক বিরল সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করতে পারে। বলা চলে, এই সুবর্ণ সুযোগ এখন তাদের হাতের মুঠোয়।কিন্তু বড় ধরনের একটা ঝুঁকিও আছে। ওই সহিংস, সশস্ত্র দুর্বৃত্তরা গ্রেপ্তার এড়ানোর প্রাণপণ চেষ্টা করবে। তার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ‘বন্দুকযুদ্ধ’ বেধে যেতে পারে। এ পর্যন্ত যেসব ‘বন্দুকযুদ্ধে’ আমরা শুধু অপরাধী-সন্ত্রাসীদেরই প্রাণ হারানোর খবর পেয়েছি, সেগুলো সত্যিকারের বন্দুকযুদ্ধ হিসেবে বিশ্বাসযোগ্যতা পায়নি; বরং দেশে-বিদেশে সেগুলোকে ‘বিচারবহির্ভূত হত্যা’ আখ্যা দিয়ে সমালোচনা করা হয়েছে। শিশু অপহরণকারী এই সহিংস দুর্বৃত্তদের গুলিবিদ্ধ মৃতদেহ দেখে বিচারহীনতায় দিশেহারা জনসাধারণ এটাকেই ‘ন্যায্য বিচার’ ভেবে স্বস্তি প্রকাশ করতে পারে, এমনকি কেরানীগঞ্জের শুভাঢ্যার মানুষ আনন্দ মিছিলও বের করতে পারে। কিন্তু সেটা আসলে কোনো বিচার হবে না, তাতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হবে।ওই দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে হবে অক্ষত অবস্থায়। এ মুহূর্তে সরকারের জন্য এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।মশিউল আলম: সাংবাদিক [email protected]