সরকারের নীতির সঙ্গে সংগতিপূর্ণ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার ও কম্পিউটার পণ্যের ওপর ৪ শতাংশ হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপের একটি উদ্যোগের কথা জানা যাচ্ছে। এই হারে ভ্যাট আদায়ের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় বড় কম্পিউটার মার্কেটের দোকানগুলোতে পাঠানো শুরু করছে এবং তা পর্যায়ক্রমে সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই ভ্যাট আরোপের ফলে কম্পিউটারের দাম বাড়বে এবং ক্রেতাকেই তা পরিশোধ করতে হবে। এটা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

দেশে তথ্যপ্রযুক্তি বিকাশের লক্ষ্যে ১৯৯৮-৯৯ অর্থবছরে কম্পিউটার ও কম্পিউটার পণ্যের ওপর আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়। এটা মানতে হবে যে তথ্যপ্রযুক্তিবান্ধব এই নীতি কাজে দিয়েছে এবং দেশে কম্পিউটারের ব্যবহার বাড়তে শুরু করে, যার সুফল দেশ এখন পেতে শুরু করেছে। এই বাস্তবতাই এখন একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিস্থিতি তৈরি করেছে। কম্পিউটার তথা তথ্যপ্রযুক্তির ব্যবহার যখন দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে, শিক্ষার্থীদের মধ্যে এর ব্যবহার বাড়ছে এবং এর মাধ্যমে যখন সরকারও নানা নাগরিক সুবিধা দিতে শুরু করেছে, তখন এই ভ্যাট আরোপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রথম আলোর এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন ভ্যাট আরোপের ফলে এখন যে ল্যাপটপ ৩০ হাজার টাকায় কেনা যেত, তার সঙ্গে আরও ১ হাজার ২০০ টাকা ভ্যাট দিতে হবে। আমরা জানি যে দেশের ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্মই কম্পিউটারের সবচেয়ে বড় ভোক্তা। তাদের মধ্যে এর ব্যবহার যত বাড়বে, দেশের জাতীয় উন্নয়নে এর ততটাই প্রভাব পড়বে। ফলে কম্পিউটার ও কম্পিউটার পণ্যে ভ্যাট আরোপ করে এই তরুণ জনগোষ্ঠীকে নিরুৎসাহিত করার কোনো অর্থ হয় না।
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ওপর নির্ভর করে অনেক তরুণ উদ্যোক্তা নিজেরাই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। আউটসোর্সিংসহ নানা উপায়ে বৈদেশিক মুদ্রাও আয় করছে। আমরা মনে করি, কম্পিউটার ও কম্পিউটার পণ্যে ভ্যাট আরোপ করার মতো পরিস্থিতি বাংলাদেশে এখনো তৈরি হয়নি। আমরা অবিলম্বে এই ভ্যাট প্রত্যাহারের দাবি জানাচ্ছি।