সরকারের বিকারহীনতা মর্মান্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বিকার বলেই সুন্দরবনের ভেতর ও আশপাশ দিয়ে প্রবাহিত নদী ও উপকূলীয় জলপথে একের পর এক পণ্যবাহী জাহাজ ডুবে সুন্দরবনের পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, কিন্তু বাণিজ্যিক নৌযান চলাচলের উপদ্রব থেকে সুন্দরবনকে রেহাই দেওয়ার চিন্তা করা হচ্ছে না। এটা বিস্ময়কর যে, গত তিন বছরে সুন্দরবনের ভেতর ও আশপাশ দিয়ে প্রবাহিত নদীগুলোতে পণ্যবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে একটি-দুটি নয়, নয়টি। যে জাহাজগুলো ডুবেছে, সেগুলোর কোনোটা ছিল জ্বালানি তেলবাহী ট্যাংকার, আবার কোনোটাতে পরিবহন করা হচ্ছিল ফ্লাই অ্যাশ নামের সিমেন্টের কাঁচামাল, প্রাকৃতিক কয়লা কিংবা রাসায়নিক সার।

২০১৪ সালের ৯ ডিসেম্বর সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহিত শ্যালা নদীতে এক তেলবাহী ট্যাংকার ডুবে সাড়ে তিন লাখ লিটার জ্বালানি তেল নদীর পানিতে ছড়িয়ে যে পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হয়েছিল এবং তার ফলে সারা দেশে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার ফলে শুধু শ্যালা নদীতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল মাত্র তিন মাস। ২০১৫ সালের এপ্রিল থেকেই আবার ওই নদী দিয়ে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়। তখন সংবাদমাধ্যমে শোরগোল শুরু হলে সরকার আবার শ্যালা নদীতে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। এ থেকে বোঝা যায়, জনমতের চাপ না থাকলে সরকার সুন্দরবনের সুরক্ষার ব্যাপারে কোনো দায়িত্ব-কর্তব্য অনুভব করে না।

কয়লাবাহী জাহাজটি ডুবে এক হাজার মেট্রিক টন পিট কয়লা উপকূলের পানিতে মিশেছে। বিশেষজ্ঞরা বলেছেন, এর ফলে পানির যে দূষণ ঘটবে, তা জ্বালানি তেলের দূষণের চেয়ে কোনো অংশেই কম ক্ষতিকর নয়। জাহাজটি কয়লা নিয়ে যশোরের নোয়াপাড়ার উদ্দেশে রওনা হয়েছিল, সেটির যাওয়ার পথ ছিল সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহিত পশুর নদ। ওই নদেও সেটা ডুবতে পারত। এই দুর্ঘটনা আমাদের বলে দিচ্ছে, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে কয়লা পরিবহনসহ অন্যান্য প্রয়োজনে নৌযান চলাচল অনেক বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিও বহুগুণে বাড়বে।

সুন্দরবনের ভেতর দিয়ে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ করে বিকল্প পথ চালু করতে হবে। আমরা মনে করি এই দুর্ঘটনা রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে আবারও গভীরভাবে ভেবে দেখার প্রয়োজনীয়তার কথা বুঝিয়ে দিলো।