যশোর-৪ আসনের সরকারদলীয় সাংসদ রণজিৎ কুমার রায়ের পরিবারটিকে বলা যেতে পারে সভাপতি-পরিবার। তিনি নিজে তাঁর এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির পদ অলংকৃত করে আছেন। তাঁর স্ত্রী নিয়তি রানী রায় চার-চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি। তাঁর জ্যেষ্ঠ পুত্র রাজীব রায় ঢাকায় এক বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের কর্ণধার, কিন্তু তাঁকেও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির গুরুদায়িত্ব পালন করতে হচ্ছে! কনিষ্ঠ পুত্র সজীব রায় এমবিবিএস পাস করে চিকিৎসকের শিক্ষানবিশি করছেন, কিন্তু তিিনও পিছিয়ে নেই! তিনিও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি।
সাংসদ অবশ্য প্রথম আলোর কাছে দাবি করেছেন যে তিনি এখন সভাপতির দায়িত্ব পালন করছেন মাত্র দুটি কলেজের। কিন্তু কোনো সাংসদ উচ্চমাধ্যমিক পর্যায়ের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে আপনাআপনি সভাপতি হতে পারবেন না—এই মর্মে উচ্চ আদালতের এক সাম্প্রতিক রায়ের কথা তাঁর জানা থাকার কথা, কারণ তিনি একজন আইনপ্রণেতা। তিনি শুধু দুটি কলেজের সভাপতির পদে আছেন—তাঁর এই দাবি সত্য হলেও তিনি আদালতের আদেশ অমান্য করে উচ্চমাধ্যমিক পর্যায়ের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির পদ দখল করে ধরে আছেন। পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা পূরণে আদালতের নির্দেশ এ ক্ষেত্রে কার্যকর হওয়া প্রয়োজন।
আর যদি এটা সত্য হয় যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মোট পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের তিনিই সভাপতি; তাহলে তিনি ২০০৯ সালের প্রবিধানও লঙ্ঘন কেরছেন, যেখানে বলা হয়েছে যে একজন সাংসদ তাঁর এলাকার সর্বোচ্চ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন। তাঁর স্ত্রী যে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি—এতেও উল্লিখিত প্রবিধান লঙ্ঘন করা হচ্ছে। কারণ, ওই প্রবিধানে বলা হয়েছে, সাংসদ ছাড়া অন্য যাঁরা সভাপতি হবেন, তাঁদের কেউ দুটোর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না। তাঁর দুই ছেলের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়া বিধির লঙ্ঘন না হলেও একটি পরিবারের এতগুলো পদে থাকা যারপরনাই দৃষ্টিকটু বিষয়।
সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের সভাপতির পদ সংশ্লিষ্ট এলাকাগুলোর সাংসদ ও তাঁদের পরিবারের সদস্যদের দখলে থাকার পেছনে বিরাট আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়া যায়। সরকারের উচ্চপর্যায় কিংবা দুদকের উচিত বিষয়টি খতিয়ে দেখা এবং যথাযথ পদক্ষেপ নেওয়া। সাংসদ রণজিৎ কুমার ও তাঁর পরিবারকে দিয়েই সেটা শুরু হোক।