সরকারের রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান গত এক বছরে দুই ধাপ নেমে গেছে, অর্থাৎ দুর্নীতি বেড়েছে—এই তথ্য বিস্ময়কর নয়, কিন্তু দুশ্চিন্তার বিষয়। দুর্নীতি বৃদ্ধির সাধারণ চিত্র খালি চোখেই দৃশ্যমান। শেয়ারবাজার কেলেঙ্কারি, রেল বিভাগে নিয়োগ, হল-মার্ক, ডেসটিনি, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দুর্নীতি ইত্যাদি বহু দৃষ্টান্তের মধ্য দিয়ে এ দেশে দুর্নীতি বৃদ্ধির চিত্র স্পষ্টতর হয়েছে।
টিআইয়ের প্রতিবেদনটি প্রকাশের সঙ্গে সঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) তা প্রত্যাখ্যান করেছে—এ খবরও বিস্ময় উদ্রেক করে না। কারণ, আধা সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির জাতীয় স্বার্থে স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান থেকে কাজ করার কথা থাকলেও এটি এখন সরকারের রাজনৈতিক ইচ্ছাপূরণের কাজে ব্রতী হয়েছে বলে মনে হয়।
কিন্তু দুর্নীতি একটি গুরুতর জাতীয় সমস্যা, যার প্রকৃত চিত্র প্রকাশ পেলে সরকার বা তার পক্ষে কোনো প্রতিষ্ঠানের গাত্রদাহ হওয়া উচিত নয়। এই সমস্যার দিকে তাকানো উচিত জাতীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে। বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অঙ্গীকারের কথা আমাদের জানা নেই। কিন্তু ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের দুর্নীতিবিরোধী অঙ্গীকার জোরালো ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী-সাংসদের সম্পদের হিসাব নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু সেসব অঙ্গীকার পূরণ করা হয়নি, বরং দুর্নীতি অস্বীকার করার প্রবণতা একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে; দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারহীনতার পরিবেশ যেন আরও প্রকট হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার বিষয় যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত, ওপরে আছে এক আফগানিস্তান!
বাংলাদেশে দুর্নীতি বৃদ্ধির কারণগুলো টিআইবি তুলে ধরেছে। দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য অনেক সুপারিশও এই সংস্থা করে থাকে। সুতরাং সমস্যাটি মোটেও সমাধানের অতীত নয়। আর দুর্নীতির বিরুদ্ধে জনমত যেখানে প্রবল, সেখানে সরকার উদ্যোগী হলে তার রাজনৈতিক সমর্থন অত্যন্ত প্রবল হবে, এ কথা বলাই বাহুল্য। তবে সে জন্য সবকিছুর আগে যা দরকার, তা হলো রাজনৈতিক সদিচ্ছা। সরকারের কি তা আছে?