অবৈধ ভিওআইপির (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসা আমাদের দেশে নতুন কিছু নয়। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে, সরকারি মুঠোফোন অপারেটর টেলিটক এ ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে। অবৈধ ভিওআইপিতে শুধু গত আট দিনেই টেলিটকের ১৫ হাজার সিম ধরা পড়েছে। অবৈধ ভিওআইপি ধরতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ব্যবহৃত সিম বক্স ডিটেকশন (এসবিডি) প্রযুক্তির ১৪ থেকে ২১ আগস্টের পরিসংখ্যান বিশ্লেষণ করে ভয়াবহ এ তথ্য পাওয়া গেছে। অর্থাৎ সরষের মধ্যেই ভূত! বিটিআরসির নির্দেশনা অমান্য করে অবৈধ ভিওআইপি কলের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে দেশের একমাত্র সরকারি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক!
সোমবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বায়োমেট্রিক পদ্ধতিতে টেলিটকের মোট ৪৫ লাখ সিমের মধ্যে প্রায় ২২ লাখ সিম এখনো নিবন্ধন করা হয়নি। বেসরকারি অপারেটরদের অনিবন্ধিত সিমগুলো বন্ধ করা হলেও টেলিটকের সিমগুলো এখনো বন্ধ করা হয়নি। এই অনৈতিক অবস্থানের কী জবাব দেবে টেলিযোগাযোগ বিভাগ? সরকারি প্রতিষ্ঠানের জন্য তো ভিন্ন নিয়ম হতে পারে না। অনিবন্ধিত বিপুলসংখ্যক সিমই এখন অবৈধ ভিওআইপির কাজে ব্যবহৃত হচ্ছে।
বৈধ পথে বিদেশ থেকে বাংলাদেশে একটি কল আনার খরচ পড়ে দেড় সেন্ট বা ১ টাকা ২০ পয়সা। এই অর্থের ৪০ শতাংশ সরকার পেয়ে থাকে। অবৈধ ভিওআইপি পদ্ধতিতে আসা বিদেশি কলটিকে স্থানীয় মুঠোফোন অপারেটরের মাধ্যমে লোকাল কল হিসেবে দেখানো হয়। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, আর লাভবান হচ্ছে শুধু যে পক্ষ কলটি আনে।
টেলিটকের বিরুদ্ধে এ অভিযোগ নতুন নয়। এর আগেও অনেকবার অবৈধ ভিওআইপি কার্যক্রমে টেলিটকের জড়িত থাকার প্রমাণ মিললেও রাষ্ট্রায়ত্ত অপারেটর হওয়ায় কেবল সিম জব্দ করা ছাড়া কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। টেলিটককে ছাড় দেওয়ার অনৈতিক অবস্থান থেকে সরতে হবে। অবৈধ ভিওআইপির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।