সরিয়ে নিতে দরকারি উদ্যোগ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববারপ্রথমআলোতে প্রকাশিত খবরে বলা হয়, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় একই ভবনে রয়েছে শিল্পকারখানা, রাসায়নিক পদার্থের গুদাম, আবাসিক ফ্ল্যাট। অলিগলিতে গড়ে উঠছে প্লাস্টিক ও পলিথিনের কারখানা। এসব কারখানা ও গুদামে আগুন নেভানোর নিজস্ব কোনো ব্যবস্থা নেই। সড়ক সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়িও ঢুকতে পারে না৷ এসব কারখানার অধিকাংশের পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, বিস্ফোরক অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, ফায়ার সার্ভিস বা সিটি করপোরেশনের ছাড়পত্র নেই। ৮৫০টিরও বেশি গুদাম অবৈধভাবে পরিচালিত হচ্ছে।

পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আবাসিক এলাকায় রাসায়নিক পদার্থের কারখানা ও গুদাম পরিচালনার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরও আবাসিক এলাকায় এসব কারখানা ও গুদাম গড়ে উঠেছে। ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে রাসায়নিকের গুদাম থেকে ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের কথা এখনো আমরা ভুলতে পারিনি। ওই অগ্নিকাণ্ডে ১২৩ জন মারা যায়। ওই বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সরকার ব্যবসায়ীদের সব রাসায়নিকের কারখানা ও গুদাম অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে ওই এলাকাসহ অন্যান্য আবাসিক এলাকায় যেখানে বিপজ্জনক রাসায়নিক পদার্থের গুদাম ও কারখানা রয়েছে, যেকোনো সময় নিমতলীর মতো আবারও বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

আবাসিক এলাকা থেকে রাসায়নিকের কারখানা ও গুদাম সরিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। ফলে এ ধরনের রাসায়নিকের কারখানা ও গুদামের জন্য এলাকা নির্দিষ্ট করে দিতে হবে। পাশাপাশি এ ধরনের সব কারখানা ও গুদামের যাতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি নির্গমনপথ থাকে, তা-ও নিশ্চিত করতে হবে।