সর্বত্র এডিস মশার লার্ভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় পরিচালিত এক অভিযানে ১৮টি বাড়ির মধ্যে ১১টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ার বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে। ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত নানা রোগের প্রকোপ থেকে নাগরিকদের মুক্তি দিতে এডিস মশার লার্ভা ও প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম পরিচালনার জন্য ডিএসসিসি অঞ্চলভিত্তিক যে কমিটি গঠন করেছে, তার একটি সম্প্রতি ধানমন্ডি, কলাবাগান, পরীবাগ ও এলিফ্যান্ট রোডের ১৮টি বাড়িতে অভিযান চালালে ১১টি বাড়িতেই এডিস মশার লার্ভার সন্ধান মেলে।

১৮টি বাড়ির মধ্যে ১১টি বাড়িতেই এডিস মশার লার্ভা পাওয়ার বিষয়টি পরিস্থিতির ভয়াবহতাকেই তুলে ধরছে। এ ঘটনায় এটা প্রমাণিত হয়েছে যে সিটি করপোরেশনের মশা নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহতভাবে কার্যকর নয় এবং এডিস মশা নিয়ে নগরবাসীও আসলে সেভাবে সচেতন নয়। এমন পরিস্থিতিতে সামনে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত অন্যান্য রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

গত বছর ঢাকা মহানগরে চিকুনগুনিয়া মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল। চিকুনগুনিয়া সাধারণভাবে প্রাণঘাতী রোগ না হলেও এর ভয়াবহতা ব্যাপক। চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে প্রচণ্ড জ্বরের পাশাপাশি শরীরে নিদারুণ যন্ত্রণা হয় আর জ্বর সেরে যাওয়ার পরও ব্যথা থেকে যায়। স্বাভাবিকভাবে হাঁটাচলা করা যায় না, এবং কার্যত পঙ্গুর মতো জীবনযাপন করতে হয়। এ রোগ থেকে উপশমও দীর্ঘ সময়ের ব্যাপার। চিকুনগুনিয়ার মতো ডেঙ্গুও একটি সংক্রামক ব্যাধি। ডেঙ্গু জ্বরে সাধারণত প্রচণ্ড জ্বর, সেই সঙ্গে শরীরে, বিশেষ করে হাড়, কোমর, পিঠসহ অস্থিসন্ধি, মাংসপেশিতে তীব্র ব্যথা হয়। 

সামনে বর্ষা মৌসুম আসছে এবং এই সময়টাই এডিস মশার বিস্তার ও প্রজননের সবচেয়ে অনুকূল সময়। ফলে সতর্ক হওয়ার এখনই সময়। গত বছরের মতো পরিস্থিতি যেন আবার তৈরি না হয়, সে জন্য চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে দুই সিটি করপোরেশনকে এডিস মশা নির্মূলের উদ্যোগ নিতে হবে। প্রাথমিক অভিযানে যেহেতু পরিস্থিতির ভয়াবহতা ও বিপদের মাত্রা টের পাওয়া গেছে, তাই সে অনুযায়ী পরিকল্পনা করে মাঠে নামতে হবে।

তবে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি এ ব্যাপারে নাগরিক সচেতনতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে গণমাধ্যমে নিয়মিত প্রচার–প্রচারণা চালাতে হবে। এডিস মশা সাধারণত বাসাবাড়িতে ফুলের টব, টায়ার, ফ্রিজ, এসিতে জমে থাকা পানিতে জন্মায়। এসব পরিষ্কারে নগরের প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। নিজ বাড়ির আঙিনা ও চারপাশও পরিষ্কার রাখতে হবে। মশার ওষুধ ছিটানোর পাশাপাশি ঘুমানোর সময় প্রয়োজনে মশারি টানাতে হবে। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরেরও যথেষ্ট প্রস্তুতি থাকতে হবে।