এটা সত্যি অভাবনীয় যে পৃথিবীর দীর্ঘতম এবং দেশের বৃহত্তম সমুদ্রসৈকত, যেখানে প্রতিবছর লাখো দেশি-বিদেশি পর্যটক বেড়াতে যান, সেখানে দীর্ঘদিন ধরে একটি হাসপাতালেও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) কার্যকর নেই।
গত ১০ বছরে লাবণী পয়েন্টে মাত্র চার কিলোমিটার সৈকতে গোসল করতে নেমে অন্তত ৭৮ জন পর্যটক মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মারা যান ৩২ জন। বিশেষজ্ঞরা বলছেন, সদর হাসপাতালে আইসিইউ চালু থাকলে অনেককেই বাঁচানো সম্ভব ছিল। এ-ই যখন কক্সবাজারের স্বাস্থ্যঝুঁকির চিত্র, তখন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বীকার করেন যে জনবল-সংকটের কারণে গত পাঁচ বছরেও তাঁর হাসপাতালটিতে আইসিইউ চালু করা যাচ্ছে না; অথচ যন্ত্রপাতি পড়ে আছে। উপরন্তু, ওই এলাকার ১৮টি বেসরকারি ক্লিনিকেও আইসিইউ নেই।
এটা অনুমেয় যে সমস্যাটি কেবলই আইসিইউ না থাকা-সংক্রান্ত নয়। কক্সবাজারের পর্যটনকেন্দ্রকে আধুনিক ও পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে সরকারের উচ্চপর্যায় থেকে বিভিন্ন সময়ে যত বড় প্রতিশ্রুতি দেওয়া হয়, তার সঙ্গে বাস্তবতার সম্পর্ক যে কতটা ঠুনকো, স্বাস্থ্যসেবার করুণ অবস্থার মধ্য দিয়ে সেটাই ফুটে উঠেছে। এটা নির্দেশ করে যে কক্সবাজারকে একটি মানসম্মত পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারকে আরও অনেক কিছুই করতে হবে। একটি মাস্টারপ্ল্যানের আওতায় আবাসন, স্বাস্থ্য ও বিনোদনকে নিরাপদ ও নির্ভরযোগ্য করে গড়তে হবে।
একজন পর্যটক যেহেতু স্বল্প সময়ের জন্য কক্সবাজারের মতো জায়গায় আসেন, ফলে সেখানকার স্বাস্থ্যসেবা কোথায় কেমন, তা জানা সম্ভব নয়। ফলে সৈকতের কাছাকাছি ওয়ান স্টপ সার্ভিস ধরনের ব্যবস্থা থাকা উচিত, যাতে যেকোনো প্রয়োজনে, বিশেষ করে স্বাস্থ্য-সমস্যায় আক্রান্ত ব্যক্তি সেবা চাইতে এবং তা তিনি দ্রুত পেতে পারেন। দেশি–বিদেশি পর্যটকদের মনে এই ভরসা ও আস্থার জায়গা তৈরি করা জরুরি। সংকটাপন্ন পর্যটকদের বাঁচানোর ব্যবস্থা কক্সবাজারে না থাকার মতো দৈন্য আসলেই মেনে নেওয়া যায় না।