বর্বর, বিকৃত মানসিকতার কিছু লোক দলবদ্ধভাবে নারী ধর্ষণ করছে—কিছুদিন পরপর এমন খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। কিন্তু এসব জঘন্য অপরাধীর বিচার ও শাস্তির খবর তেমন পাওয়া যায় না। ফলে এই সমাজে এমন এক বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে যে ধর্ষণের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এভাবে আর চলতে পারে না।
রাজধানীর উত্তরার এক বিপণিবিতানের বিক্রয় প্রতিনিধি এক কিশোরী গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে কাজ শেষে বাসায় ফেরার পথে ধর্ষিত হয়েছেন তারই এক সহকর্মীসহ কয়েকজন বর্বর তরুণের দ্বারা। ধর্ষকেরা তার পথ রোধ করে ‘কথা আছে’ বলে ধরে নিয়ে যান পার্শ্ববতী এক নির্মীয়মাণ ভবনের দোতলায়। সেখানে তাঁরা তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন। এটি যেন কিছুদিন আগের সেই ঘটনার পুনরাবৃত্তি, যখন এক দোকানকর্মী আদিবাসী তরুণীকে কয়েকজন যুবক কাজ থেকে ঘরে ফেরার পথে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেছিলেন।
পুলিশ ওই কিশোরীর ধর্ষক সহকর্মীসহ চারজনকে আটক করেছে; তাঁদের মধ্যে দুজনকে ধর্ষক হিসেবে শনাক্ত করেছে ওই কিশোরী। বাকি ধর্ষকদেরও অবিলম্বে গ্রেপ্তার করা জরুরি। সেই সঙ্গে জরুরি ঘটনার সব আলামত সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা, যাতে আদালতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করা সম্ভব হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই কিশোরীর শারীরিক সুচিকিৎসার পাশাপাশি মানসিক আঘাতেরও যথাযথ চিকিৎসা দরকার।
ওই কিশোরী নিজে বাদী হয়ে মামলা করেছে। তবে তার পরিবার যেহেতু দরিদ্র ও প্রভাব-প্রতিপত্তিহীন, তাই তার পাশে দাঁড়াতে হবে আইন প্রয়োগকারী সংস্থাকে। এ ধরনের ঘটনার পরে ধর্ষণের শিকার নারী ও তার পরিবারের সদস্যরা অনেক সময় নানা আক্রমণ, ভয়ভীতি ও চাপের শিকার হয়। মামলা তুলে নেওয়ার জন্যও চাপ দেওয়া হয়। এই কিশোরীর ক্ষেত্রে যেন তেমনটি না ঘটে, সে জন্য তার ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থার।