সহজে ব্যবসা করার সূচকে অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহজে ব্যবসা করার সূচকে বাংলাদেশ এক ধাপ পিছিয়েছে—এই খবরে বিস্মিত হওয়ার কিছু নেই। বিনিয়োগ ও ব্যবসার পরিস্থিতি উন্নয়নে সব অংশীজনই বিভিন্ন সময় উদ্বেগের কথা জানিয়েছেন, কিন্তু পরিস্থিতির উন্নতি তো হয়নি, বরং অবনতি হয়েছে। ব্যাপারটা দুঃখজনক। ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৭তম। অথচ আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি, ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হতে চাই—যার প্রধান শর্ত বিনিয়োগ ও কর্মসংস্থান। দেশে প্রবৃদ্ধির চাকা আরও দ্রুত ছোটাতে হলে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। বিনিয়োগ যত বেশি হবে উৎপাদন তত বাড়বে, কর্মসংস্থান বাড়বে। কিন্তু নানা আমলাতান্ত্রিক জটিলতায় বিনিয়োগকারীরা দেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
অর্থনীতিবিদেরা বলছেন, এই শতক হবে এশিয়ার শতক। বিশ্বায়ন আমাদের সেই সুযোগ করে দিয়েছে। অন্যদিকে চীনে জীবনযাত্রার মানোন্নয়ন হচ্ছে, ফলে তারা এখন শ্রমঘন শিল্প ছেড়ে দিতে শুরু করেছে। এটা আমাদের সামনে সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিচ্ছে। কিন্তু সেটা নেওয়ার জন্য সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্যে যেমন আমাদের দক্ষতা বাড়াতে হবে, তেমনি ব্যবসার পরিবেশ সহজ করতে হবে।
বিবিএসের এক জরিপে আমরা জানতে পেরেছি, দেশে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার ১৬ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া দেশের শ্রমশক্তির ৮৫ ভাগ এখনো অনানুষ্ঠানিক খাতে কাজ করছে, যাদের কাজের নিরাপত্তা নেই। এই বেকারদের কর্মসংস্থান এবং অনানুষ্ঠানিক খাতকে আনুষ্ঠানিকতার বাতাবরণে আনার জন্যও বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। এ জন্য প্রকৃত ব্যবসায়ীদের ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে হবে।
যে ১০টি সূচকের ভিত্তিতে বিশ্বব্যাংকের এই প্রতিবেদনটি তৈরি হয়েছে, তার মধ্যে পাঁচটিতেই আমাদের অবনতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যে তিনটি সূচকে আমাদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ অর্থাৎ চুক্তির বাস্তবায়ন, বিদ্যুতের সংযোগ পাওয়া ও জমির নিবন্ধন—এসব দিকেই আমাদের বেশি নজর দিতে হবে। এ ছাড়া ওয়ান স্টপ সার্ভিস চালু করে ব্যবসায়ীদের আমলাতন্ত্রের দৌরাত্ম্য থেকে মুক্তি দিতে হবে। বিশ্বায়নের পূর্ণ সুযোগ নিতে হলে এর বিকল্প নেই।