চট্টগ্রামের দুই নেতার অনুসারীদের মধ্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সংঘাতে নিহত হয়েছেন এক ছাত্র। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বুধবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সম্মেলনে এটি নিশ্চিত করে বলেছেন, চট্টগ্রামের বর্তমান এবং সাবেক মেয়র এই মৃত্যুর ‘দায়িত্ব’ এড়াতে পারেন না।
নেতারা বহাল তবিয়তে আছেন, কিন্তু একটি পরিবার হারাল তাদের সাবালক সন্তানকে। দুই নেতাই সরকারে আসীন দলের; খুনি ও নিহত ছাত্রও একই দলের। এ ঘটনা হানাহানির রাজনীতির ভয়াবহতার দিকে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
নিহত এমবিএর ছাত্র সোহেল (২৪) চট্টগ্রাম নগর ছাত্রলীগের সদস্য। গতকাল বুধবারের প্রথম আলো জানাচ্ছে, সোহেল ছাত্ররাজনীতিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন। সোহেল চেয়েছিলেন মেয়রকে বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অতিথি করে নিয়ে আসতে। কিন্তু তাঁর প্রতিপক্ষ, সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা তা হতে দিতে চাইছিলেন না। তাঁরা চাইছিলেন সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীকে অতিথি করতে। এ জন্য তাঁরা লাঠিসোঁটা ও ছুরি নিয়ে হামলা চালান নাছিরের পক্ষের ছাত্রদের ওপর।
বিরোধী দল ও সংগঠনের তৎপরতা না থাকায় সরকার–সমর্থিত সংগঠনই অভ্যন্তরীণ সংঘাতে লিপ্ত হচ্ছে। ইউপি নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে এ ধরনের সংঘাত বর্তমানে বড় সমস্যা হিসেবে হাজির হয়েছে। আমাদের প্রশ্ন, এ রকম পরিস্থিতি সৃষ্টির আশঙ্কার মুখে কেন চট্টগ্রাম ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতারা প্রতিকারমূলক ব্যবস্থা নিলেন না?
হত্যা হলে তার বিচার হতে হবে। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের দ্রুত আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হোক। এই সংঘাতের পেছনে ঊর্ধ্বতনদের ভূমিকা থেকে থাকলে তা–ও খতিয়ে দেখা হোক। ছাত্রের দ্বারা ছাত্র হত্যার বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকারের আশা কি সফল হওয়ার নয়? দলের কেন্দ্রীয় নেতা এই মৃত্যুর জন্য চট্টগ্রামের যে দুজন রাজনীতিককে দায়ী করলেন, তাঁদের বিরুদ্ধে এখন দলকেও তো ব্যবস্থা নিতে হবে। সেই প্রত্যাশা কি পূরণ হবে?