সহিংসতা ছেড়ে সংলাপে বসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোটের অবরোধ কর্মসূচিতে যখন রাজধানী ঢাকাসহ দেশের অনেক স্থানে নৈরাজ্য-সহিংসতা চলছিল, সেই সময় জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠনমূলক সংলাপের যে আহ্বান জানিয়েছেন, তা অত্যন্ত সময়োপযোগী। রোববারের অবরোধে ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও সহিংসতার দৃশ্যে এই উদ্বেগ বড় হয়ে উঠেছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা-সংলাপ না হলে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিপন্ন হতে পারে।রোববারের অবরোধের সময় এক তরুণের নৃশংস হত্যাসহ চারজনের প্রাণহানি ঘটেছে। এই চারটি প্রাণের দায় কার? ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য এ প্রশ্ন সমানভাবে প্রযোজ্য। রাজপথভিত্তিক প্রায় সব ধরনের রাজনৈতিক কর্মসূচি এখন পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞ ও সহিংসতার উৎসবে। বিরোধী দলগুলো মুখে শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলে, কিন্তু কার্যত যেকোনো কর্মসূচিকে ‘সফল’ করার জন্য তাদের কর্মী-সমর্থকদের জ্বালাও-পোড়াও কর্মকাণ্ডে দেখা যাচ্ছে। অন্যদিকে বিরোধী দলের কর্মসূচিকে জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলার জন্য হুমকি আখ্যা দিয়ে তাতে বাধাদানে সরকার শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেই তুষ্ট নয়; ক্ষমতাসীন দল ও তার সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদেরও নামিয়ে দিচ্ছে রাস্তায়। অবরোধের সময় পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস নামের এক তরুণকে ছাত্রলীগের কিছু কর্মী যে নৃশংসতায় খুন করেছেন, তা এই প্রক্রিয়ার এক ভয়ংকর পরিণতির দৃষ্টান্ত। বিশ্বজিৎ দাসের নৃশংস খুনের জবাব কি সরকার ও ক্ষমতাসীন দলের কাছে আছে?জাতিসংঘের সহকারী মহাসচিব এ সময় বাংলাদেশ সফরে এসে সরকার ও বিরোধী দলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলার পর সংবাদ সম্মেলনে দেশবাসীকে বলেছেন, ‘প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, প্রধান নির্বাচন কমিশনার, নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধি—সবাই সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদ পুনর্ব্যক্ত করেছেন।’ এই আশাবাদে আশান্বিত আমরাও হতে চাই। আমরা দেখতে চাই প্রধান দুই প্রতিপক্ষ রাজনৈতিক দলের দায়িত্বশীলতা। সংঘাতের পথ এড়িয়ে শান্তিপূর্ণ পথে সামনের দিকে এগোতে চাইলে আলোচনা-সংলাপ ছাড়া আর কী বিকল্প থাকতে পারে?প্রধান বিরোধী দল শুরু থেকেই নানা অজুহাতে সংসদ বর্জন করে আসছে। সংসদে তাদের যে দায়িত্ব রয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা না করে বিরোধী দল প্রথম থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগিতামূলক অবস্থান নিয়েছে। দুঃখজনকভাবে সরকারও তাদের সংসদে আনার লক্ষ্যে যথেষ্ট কার্যকর পদক্ষেপ নেয়নি।কিন্তু এই অবস্থা আর চলতে পারে না। কারণ, তার পরিণতিতে দেশে বিরাট রাজনৈতিক সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা ক্রমশ প্রকট হয়ে উঠছে। উভয় পক্ষের এই আন্তরিক উপলব্ধি আজ জরুরি যে, সংলাপের কোনো বিকল্প নেই। হরতাল-অবরোধ ইত্যাদি জবরদস্তিমূলক পদ্ধতিতে সরকারকে দাবি মানতে বাধ্য করার কৌশল থেকে বিরোধী দলকে সরে আসতে হবে। সরকারকেও বলপ্রয়োগের মাধ্যমে বিরোধী দলকে দমনের কৌশল ত্যাগ করতে হবে। উভয় পক্ষের প্রতি সনির্বন্ধ অনুরোধ, আন্তরিক মনে সংলাপে বসুন।