সহিংসতার পঞ্চম পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি পর্বের ভোট গ্রহণকে কেন্দ্র করে মোট নিহত হলেন৯৬ জন, আহত পাঁচ হাজারের বেশি। নির্বাচন কমিশন দাবি করেছে, সহিংসতা বাড়লেও নির্বাচনী অনিয়ম কমেছে। এই বক্তব্য স্ববিরোধী ও অযৌক্তিক। কারণ, সহিংসতার ঘটনাগুলো ঘটেছে প্রধানত ভোটকেন্দ্র দখল, জাল ভোট দেওয়া, প্রভাব বিস্তার করা ইত্যাদি জবরদস্তিমূলক আচরণকে কেন্দ্র করে। এসব দুর্বৃত্তপনা শুধু নির্বাচনী অনিয়মই নয়, গুরুতর ফৌজদারি অপরাধও বটে। নির্বাচন কমিশন এসবের দায়দায়িত্ব এড়িয়ে নির্বাচনী অনিয়ম কমেছে বলে দাবি করলে এই প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা আরও কমে যেতে পারে।

আগামী ৪ জুন ষষ্ঠ ও শেষ ধাপের ভোট গ্রহণকে কেন্দ্র করে যেন একজন মানুষেরও প্রাণহানি না ঘটে, নির্বাচন কমিশনের সেই চেষ্টা করা উচিত। সে জন্য তার যত রকমের সহযোগিতা দরকার, সরকারের উচিত তা নিশ্চিত করা। গ্রাম পর্যায়ের মানুষের মধ্যে এসব সহিংসতার ঘটনা সামাজিক সম্পর্ক-কাঠামোর সুদূরপ্রসারী ক্ষতিসাধন করতে পারে। প্রতিবেশীদের মধ্যে শান্তি ও সম্প্রীতির সম্পর্ক ভেঙে গিয়ে হিংসা ও শত্রুতার ভাব তৈরি হলে সেটা হবে গোটা সমাজেরই এক বিরাট ক্ষতি।

ইউপি নির্বাচনে সহিংসতা অভূতপূর্ব মাত্রায় বেড়ে যাওয়ার অন্যতম কারণ দলীয় প্রতীকের ভিত্তিতে নির্বাচনের নতুন বিধান। এটা যে কত ক্ষতিকর হতে পারে, গত পাঁচ ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে তার অনেকটাই স্পষ্ট হয়েছে। স্থানীয় সরকারব্যবস্থাকে ধ্বংস করার পাশাপাশি গ্রামীণ সমাজের স্বাভাবিক বিন্যাসেও বিরাট ক্ষত সৃষ্টি করার আলামতও অস্পষ্ট নয়। তাই দলীয় প্রতীকে নির্বাচনের বিধানটি সম্পর্কে নতুন করে ভাবা উচিত।