রাজনীতিতে যারা সহিংস কৌশল অবলম্বন করে, তাদের মধ্যে নারী ও শিশুদের ব্যবহার করার প্রবণতাও বিরল নয়। বিশেষত আফগানিস্তানে আল-কায়েদা ও তালেবান গোষ্ঠী নারী-শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছে—এমন খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া যায়। বাংলাদেশে চলমান যুদ্ধাপরাধের বিচারকে ঘিরে সৃষ্ট সাম্প্রতিক সহিংসতায় জামায়াত-শিবিরও শিশু ও নারীদের ব্যবহার করেছে—এমন অভিযোগসংবলিত খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। অভিযোগগুলো সত্য হয়ে থাকলে এ প্রবণতা অত্যন্ত অনৈতিক ও ভীষণ বিপজ্জনক এবং অবিলম্বে তা পরিহার করা উচিত।গাইবান্ধার সুন্দরগঞ্জে ও পলাশবাড়ী উপজেলায় জামায়াত-শিবিরের বিক্ষোভ-মিছিল, সড়ক অবরোধ ও সহিংস কর্মকাণ্ডের সময় মাদ্রাসার শিশু-কিশোরদের ব্যবহার করার অভিযোগ এসেছে ঘটনার প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্ত ও আহত লোকজন এবং পুলিশ ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। অনেকে অভিযোগ করেছেন, ১০ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোরদের ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংস আক্রমণের সম্মুখভাগে রেখে পেছন থেকে তাদের চালিত করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। মাদ্রাসার শিশুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলে এর নিন্দা জানানো হয়েছে গাইবান্ধা জেলার মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে। গাইবান্ধার পুলিশ সুপার অভিযোগ করেছেন, জামায়াত-শিবির এখন ঢাল হিসেবে শিশু-কিশোরদের ব্যবহার করছে।বগুড়া জেলার বিভিন্ন স্থানে জামায়াত-শিবির শিশুদের পাশাপাশি নারীদেরও সহিংস তৎপরতার ঢাল হিসেবে ব্যবহার করেছে—এমন অভিযোগ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। জামায়াত-শিবিরের পক্ষ থেকে অভিযোগগুলো অস্বীকার করা হয়েছে বটে, কিন্তু কী করে বিক্ষোভ-মিছিলসহ সহিংস তৎপরতার সম্মুখভাগে শিশু-কিশোর ও নারীদের অংশগ্রহণ ঘটল—এই প্রশ্নের উত্তর পাওয়া প্রয়োজন। ঘটনাগুলোর আরও গভীর তদন্ত হওয়া প্রয়োজন। যদি এটা সত্য বলে প্রমাণিত হয়, জামায়াত-শিবির পরিকল্পিতভাবে শিশু-কিশোর ও নারীদের সহিংস তৎপরতায় ঢাল হিসেবে ব্যবহার করেছে, তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর আইনানুগ পদক্ষেপ নিতে হবে। বিশেষত মাদ্রাসার শিক্ষার্থীদের সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের যে অভিযোগ মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে তোলা হয়েছে, সেটা খুবই গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া উচিত। মাদ্রাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এ ব্যাপারে সচেতনতা বাড়ানো প্রয়োজন, যেন তাদের কোনো রাজনৈতিক পক্ষই ব্যবহার করতে না পারে।