গোবিন্দগঞ্জে সাঁওতালদের বসতিতে পুলিশের আগুন দেওয়ার ভিডিওচিত্র দেশি-বিদেশি গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। গত ৬ নভেম্বর সন্ধ্যায় চিনিকল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালায়। চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে পুলিশ-র্যা বের বিপুলসংখ্যক সদস্য উচ্ছেদে অংশ নেন। এতে সাঁওতাল সম্প্রদায়ের তিনজন মারা যান। হত্যার পাশাপাশি ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের দায় নিয়ে যে অভিযোগ ও সাক্ষ্যপ্রমাণ আসছে, তা কোনো বিচার-বিবেচনা ছাড়া অস্বীকার করা সত্যের ও ন্যায়বিচারের বরখেলাপ হবে।
চিনিকলের ইজারাকৃত পূর্বপুরুষের জমি থেকে সাঁওতালদের যে কায়দায় উচ্ছেদ করা হয়েছে তা যে আইনসংগত হয়নি, গোড়া থেকেই আমরা তা বলে আসছি। কিন্তু গোড়া থেকেই গোবিন্দগঞ্জ ও গাইবান্ধার পুলিশ কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে আসছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বিষয়টি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন ভিডিওচিত্রের কল্যাণে পুলিশের এই ভূমিকার প্রমাণ দেশের বাইরেও প্রদর্শিত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি প্রতিশ্রুতি মোতাবেক কঠোর ব্যবস্থা নেবেন?
একের পর এক বিভিন্ন ঘটনায় পুলিশ বাহিনীর ভাবমূর্তি দারুণভাবে সংকটে পড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের সুরক্ষায় নিষ্ক্রিয়তার বিপরীতে গোবিন্দগঞ্জে দেখা গেল আগুন দেওয়ার মতো বেআইনি তৎপরতা! পুলিশ কোথায় সুরক্ষা দেয়, কোথায় নিষ্ক্রিয় থাকে এবং কোথায় আইনের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়ে, তা দিয়েই রাষ্ট্রের বলপ্রয়োগের চরিত্র চেনা যায়।
পুলিশের উপস্থিতিতে অপরাধ করা হচ্ছে এবং পুলিশ তাতে বাধা দিচ্ছে না; এটাও দায়িত্বে অবহেলা। আর এ ক্ষেত্রে পুলিশ নিজেই আগুন দেওয়ার মতো নাশকতায় জড়িত বলে প্রমাণ হাজির করা হচ্ছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির শোচনীয় দশার এই বৈশ্বিক প্রচার সরকারকে কি মোটেই বিব্রত করে না? এসব ঘটনার যথাযথ তদন্ত ও বিচার না হলে পুলিশ বাহিনীর বিপথগামী সদস্যদের সুবিধাই হবে, কিন্তু আস্থা হারাবে মানুষ। প্রভাবশালী ব্যক্তিরা পুলিশকে দিয়ে স্বার্থ হাসিল করিয়ে নেবে; আর পুলিশ কর্তৃপক্ষও তা হতে দেবে?
আমরা আশা করব, সরকার সাঁওতালপল্লিতে পুলিশের আগুন দেওয়ার অভিযোগের গ্রহণযোগ্য তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে অবশ্য উচ্চ আদালতের পদক্ষেপকেও স্বাগত জানাতে হয়। কেননা, হাইকোর্টের একটি বেঞ্চ বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।