সাঁওতাল হত্যা ও জুলুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঁওতালদের ওপর হামলা ও পুলিশের গুলিবর্ষণের ঘটনায় আহত ব্যক্তিদের একজনের মৃত্যু হয় হাসপাতালে; বাকি দুজনের লাশ পরে ধানখেতে পতিত অবস্থায় পাওয়া যায়। সাঁওতালদের অভিযোগ, বেশ কজন এখনো নিখোঁজ। পুলিশের গুলিতে আহত ব্যক্তিদের চিকিৎসা চলে হাসপাতালে হাতকড়া পরা অবস্থায়।

সাঁওতালদের ‘অপরাধ’, তাঁরা পূর্বপুরুষের ভূমি উদ্ধারের আন্দোলন করছিলেন। ১৯৬৫ সালে গোবিন্দগঞ্জে চিনিকল প্রতিষ্ঠার সময় জমি অধিগ্রহণের চুক্তিতে বলা হয়েছিল, চিনিকলের জন্য আখ ছাড়া অন্য কিছুর চাষ হলে জমি সরকারের মাধ্যমে পূর্বতন মালিকদের কাছে ফেরত দেওয়া হবে। ২০০৪ সাল থেকে চিনিকলটি বেশির ভাগ সময়ই বন্ধ থাকছে এবং উল্লেখিত জমি বাণিজ্যিকভাবে ইজারা দিয়ে ধান, তামাক ইত্যাদির আবাদ করা হচ্ছে। এই যুক্তিতেই ভূমিহীন সাঁওতালরা পূর্বপুরুষের জমি ফেরতের দাবি জানাচ্ছিলেন। ভূমিবিষয়ক সংসদীয় কমিটিও বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের সুপারিশ করেছিল। এরই ধারাবাহিকতায় স্থানীয় জনপ্রতিনিধির মৌখিক প্রতিশ্রুতির ভিত্তিতে সাঁওতালরা তাঁদের ভাষায় ‘পূর্বপুরুষের জমিতে’ ঘর তোলেন।

গত রোববার সন্ত্রাসী বাহিনী সাঁওতাল বসতিতে হামলা চালালে তাঁরা তা প্রতিরোধ করার চেষ্টা করেন। সে সময় পুলিশ সাঁওতালদের ওপর গুলি চালায়। তাঁদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়, ট্রাক্টর দিয়ে গুঁড়িয়ে সমান করা হয় মাটির ঘরবাড়ি। পরে পাশের আরেক সাঁওতাল গ্রামেও হামলা ও লুটপাট চলে। এসব ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় চেয়ারম্যান ও সাংসদের ইন্ধনের অভিযোগ গণমাধ্যমে এসেছে।

যদি আইনের শাসন থাকে, মানবাধিকারের ন্যূনতম মর্যাদাও সরকার দেয়; তাহলে এই হত্যাকাণ্ড এবং ধ্বংসলীলার বিচার হওয়া উচিত। চিনিকলের অব্যবহৃত জমি পূর্বতন মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার বিপক্ষেও কোনো যুক্তি থাকতে পারে না।