সাঁওতালদের তাঁবুবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর নির্যাতন চলেছিল। এখন তারা তীব্র শীতে কষ্ট পাচ্ছে। আপাতত তাদের একমাত্র সান্ত্বনা তারা বিভিন্ন সংস্থার কাছ থেকে ত্রাণ পাচ্ছে। গণমাধ্যমের নজরও তাদের দিক থেকে চলে যায়নি। কিন্তু এই অবস্থা তো বেশি দিন চলবে না। সাঁওতালদের ওপর নিষ্ঠুর নির্যাতন চলেছিল, এটা বিস্মৃতির অতলে হারিয়ে যাবে। এখন পর্যন্ত বড় আশার জায়গা হচ্ছে, বিচার বিভাগীয় তদন্ত। তাতে না হয় অভিযুক্তরা চিহ্নিত হতে পারেন, কিন্তু তাদের শাস্তি নিশ্চিত হবে—সেই ভরসা আছে কি?
পরিহাসমূলক হলেও সত্য যে, সাঁওতালদের ওপর হামলাকারী ও তার নেপথ্যের কুশীলবদের কেউ আজ পর্যন্ত গ্রেপ্তার হননি। এলাকার সাংসদ মুখ্য অভিযুক্ত। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সেই তিনি নিশ্চিন্তে এলাকায় এসে সভা-সমাবেশ করে যাচ্ছেন। সুতরাং বিচারিক কমিটির ভিত্তিতে সাঁওতালদের ওপর হামলাকারীদের কেউ দ্রুততম সময়ে দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করবেন, সেই দৃশ্য কল্পনা করতেও আমাদের কষ্ট হয়। ডেপুটি কমিশনার ত্রাণ পৌঁছে দিয়েছেন। কিন্তু যে কারণে সাঁওতালরা যুগ যুগ ধরে দুঃখকষ্টে নিপতিত, তার অপনোদনে সরকারের কোনো প্রতিক্রিয়া নেই। রাষ্ট্র তাদের উপেক্ষা করেছে এবং সেটা অব্যাহত থাকবে বলেই প্রতীয়মান হচ্ছে। রাষ্ট্র তাদের ‘বকশিশ’ দেবে। কিন্তু ‘হিসাবের পাওনা’ বুঝিয়ে দেবে না। আমরা দাবি করি, শুধু ত্রাণ নয়, তাদের পৈতৃক জমি ফিরিয়ে দিন।
তীব্র শীতে তাঁবুতে বাস সাঁওতালদেরচিনিকলের জন্য একসময় যে জমি অধিগ্রহণ করা হয়েছিল তা যদি এখন কাজে না লাগে তবে যাদের কাছ থেকে জমি নেওয়া হয়েছিল তাদের ফিরিয়ে দেওয়াই যৌক্তিক। সেই জমি নিয়ে স্বার্থান্বেষী মহলের নানা তৎপরতার অসহায় শিকারে পরিণত হয়েছে সাঁওতালরা। তাদের ওপর হামলা ও গুলিবর্ষণ হয়েছে, আগুন দেওয়া হয়েছে তাদের বাড়িঘরে। এই অপকর্মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি সম্পৃক্ততার ভিডিও আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচারিত হয়েছে। একটি অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি এই আচরণ জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক।
ভূমি হরণ এবং নানাবিধ সামাজিক চাপে ভূমি হারানোটাই সাঁওতালদের হতদরিদ্র করতে বড় ভূমিকা রেখেছে। এর ফলে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়তে বাধ্য হয়েছে। ত্রাণ তৎপরতার কারণে যেসব ‘নতুন মুখ’ গোবিন্দগঞ্জে দেখা যাচ্ছে, তাদের অধিকাংশই হয়তো ছিন্নমূল হয়ে স্থানান্তরিত হয়েছে ভূমি হরণের ঘটনায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ‘পুনর্বাসন’ চাইছে, আমরা মনে করি তাদের জমি ফিরিয়ে দেওয়া প্রয়োজন। সরকারকেই এই উদ্যোগ নিতে হবে।