অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ভুক্তভোগী হচ্ছে নদীসহ তীরবর্তী মানুষেরা। এ কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ প্রায়ই খবর হতে দেখি। এর মধ্যে বালু ব্যবসায়ীদের কারণে মুন্সিগঞ্জ পৌরসভার দুটি গ্রামের কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বালুবাহী বাল্ক হেড আসা–যাওয়ার জন্য সেখানকার দুটি সাঁকো ভেঙে ফেলেছেন স্থানীয় ক্ষমতাসীন দলের লোকেরা। মানুষকে এখন নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, পৌরসভার শিলমান্দি ও রমজানবেগ এলাকার মানুষ সাঁকো দুটি দিয়ে চলাচল করতেন। মুন্সিগঞ্জ পৌর মেয়রের অনুসারী কাউন্সিলর ও ছাত্রলীগ নেতারা ড্রেজারের মাধ্যমে বালুর ব্যবসা করার জন্য সাঁকো দুটি ভেঙে দিয়েছেন। ওই এলাকার মানুষ স্বাধীনতার পর থেকে নৌকায় করে নদী পার হয়েছে। আট–নয় বছর আগে গ্রামের মানুষের অর্থায়নে বাঁশের সাঁকো দেওয়া হয়। পৌর নির্বাচনের আগে গত ডিসেম্বরে বর্তমান মেয়র তিন ফুট চওড়া কাঠের মাচা ও বাঁশের খুঁটি দিয়ে সাঁকো বানিয়ে দেন। ফলে স্বাচ্ছন্দ্যে মানুষ যেকোনো সময় নদী পার হয়ে সড়কপথে যেতে পারত। এবার বর্ষার শুরুতে পৌর মেয়র ফয়সাল বিপ্লবের অনুসারীরাই সাঁকো ভেঙে দিলেন।
স্থানীয়দের ভাষ্য, কিছু লোভী মানুষ বালুর ব্যবসা করার জন্য সেতু ভেঙে ফেলেছেন। গর্ভবতী, বয়স্ক, অসুস্থসহ সাধারণ মানুষ নদী পার হতে ভোগান্তির শিকার হচ্ছেন। ভয়ে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। অভিযুক্ত ব্যক্তিরা হলেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওলাদ হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর রুমা আক্তারের স্বামী মো. সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা, ছাত্রলীগ নেতা শিপলু সরকার। পৌর মেয়রের অনুমতি নিয়েই সাঁকো দুটি ভাঙা হয়েছে বলে তাঁরা জানান। যদিও পৌর মেয়র তা অস্বীকার করেন।
নির্বাচনের আগে সাঁকো বানিয়ে দেওয়া হলো, নির্বাচনে জেতার পর সেই সাঁকো আবার ভেঙেও দেওয়া হলো, তা–ও নিজের লোকদের ব্যবসার সুযোগ করে দিতে। একজন জনপ্রতিনিধির আচরণ এমন কেন হবে? মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সাঁকো ভাঙার বিষয়টি তদন্ত করে দেখা হবে। যাঁরা ভেঙেছেন, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন তিনি কী ব্যবস্থা নেন, সেটিই দেখার বিষয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, সাঁকোর বদলে সেখানে সেতু করা হোক। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি যাচাই–বাছাই করবে।