
পূর্বপশ্চিমবিডি ডট নিউজ নামের অনলাইন সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাসের নিখোঁজ হওয়ার পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তাঁর কোনো হদিস মিলছে না। এ ঘটনায় আমরা উদ্বিগ্ন।
পুলিশ বিভাগের কাছে তাঁর আকস্মিক অন্তর্ধান নিয়ে এ পর্যন্ত দুটি সাধারণ ডায়েরি করা হলেও তদন্তে দৃশ্যত কোনো অগ্রগতি নেই। তবে তাঁর পারিবারিক সূত্রগুলো নিশ্চিত করেছে, কারও সঙ্গে তাঁর এমন কোনো দ্বন্দ্ব বা শত্রুতা ছিল না, তাই পরিবারের পক্ষে সাধারণ কোনো ফৌজদারি অপরাধের সংশ্লিষ্টতার বিষয়ে কোনো ধারণা দেওয়াও সম্ভব নয়।
১০ অক্টোবর নিখোঁজ হওয়ার পরপরই বন্ধ হয়ে যাওয়া তাঁর মুঠোফোন থেকে অর্থ দাবি করে আসা কলটিও বিশেষভাবে অস্বাভাবিক কিছু ঘটে যাওয়ার দিকে ইঙ্গিত করছে। কারণ, পুলিশ নিশ্চিত করেছে, ফোন কলটি তাঁর মুঠোফোন থেকে আসেনি। পুলিশের সন্দেহ, স্পুফিং প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। কারণ, এই প্রযুক্তিতে যেকোনো নম্বর কল গ্রহীতার মুঠোফোনের পর্দায় দেখানো সম্ভব, কিন্তু বাস্তবে সংশ্লিষ্ট নম্বরের ব্যবহার না-ও ঘটতে পারে। পুলিশের এই ধারণা সত্য হলে এটাই নির্দেশ করে যে শুধু অর্থ আদায়ের জন্য উৎপল অপহরণের ঘটনা না-ও ঘটতে পারে। মুক্তিপণ আদায় যদি অপহরণকারীদের লক্ষ্য হতো, তাহলে সেটা অবহিত করতে তাদের প্রায় ১৪ দিন সময় নেওয়ার কথা নয়।
আলোচ্য ক্ষেত্রে পুলিশকে যেসব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে হবে তা হলো সাংবাদিক হিসেবে উৎপল দাস তাঁর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন কোনো মত প্রকাশ করেছিলেন কি না, যা কাউকে ক্ষুব্ধ করতে পারে। তিনি জ্যেষ্ঠ সাংবাদিক হলেও তাঁর লেখা বা মতামত যথেষ্ট প্রচারিত হয়ে তা জনমনে তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া হওয়ার সুযোগ সীমিত বলে প্রতীয়মান হয়। আমরা জানি না সত্যিটা আসলে কী। তিনি কী এমন মত প্রকাশ করে থাকতে পারেন যে কারণে তাঁকে গুম হয়ে যেতে হবে?
আমরা আশা করি, পুলিশ এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করতে চাইলে তারা সেটা করতে সক্ষম হবে। একটি বাহিনী হিসেবে পুলিশকে তার বৈধ সামর্থ্যের প্রমাণ রাখতে হবে।