সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। এক দিন আগেই তিনি ওই হত্যাকাণ্ডের সাত সন্দেহভাজনকে গ্রেপ্তারের যে সংবাদ দিলেন, তাতে রহস্য উদ্ঘাটিত, না ঘনীভূত হলো, সে প্রশ্নই বড় হয়ে উঠেছে। নিহত সাংবাদিক সাগর সরওয়ারের মায়ের সন্দেহ, সংবাদ সম্মেলনে সাজানো তথ্য দেওয়া হয়েছে। আর মেহেরুন রুনির ভাই বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তাঁদের কাছে অস্পষ্ট মনে হয়েছে। তাঁদের এই সন্দেহ দূর করতে না পারলে হত্যারহস্য উদ্ঘাটন করার দাবি বিশ্বাসযোগ্যতা পাবে না।হত্যাকাণ্ডের আট মাস পর সাতজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে দীর্ঘ সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামি চিহ্নিত বা কাউকে গ্রেপ্তার করতে না পারায় সংশ্লিষ্ট সব মহলে প্রশ্ন দেখা দেয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের ঘোষণা দেওয়ায় এবং তারপর দীর্ঘ সময়েও কিছু করতে না পারায় জনমনে এমন সন্দেহ দেখা দেয় যে, সরকার বা প্রভাবশালী কোনো মহল হয়তো খুনের রহস্য ধামাচাপা দিতে চাইছে। কারণ, ৪৮ ঘণ্টায় না হোক, ৪৮ দিনেও তো এই জলজ্যান্ত খুনের রহস্য উদ্ঘাটন করা উচিত ছিল। অবিশ্বাস্য বিলম্ব নানা গুজবের জন্ম দিতে থাকে। এসবের জন্য সরকার ও প্রশাসনের দীর্ঘসূত্রতাই দায়ী। কোনো কোনো খুনের রহস্য উন্মোচনে সময় লাগতে পারে। সে ক্ষেত্রে খুনের ঘটনা ও পরিস্থিতির জটিলতাও মানুষের চোখের সামনে স্পষ্ট থাকে। উপরন্তু তদন্ত ও ঘটনার রহস্য উন্মোচনে পুলিশের তৎপরতার অগ্রগতি সম্পর্কে সব সময় মানুষকে অবহিত রাখা হয়। কিন্তু এ ঘটনায় সে রকম কিছু দেখা যায়নি। বরং অধিকাংশ সময় প্রশাসন ছিল প্রায় নির্লিপ্ত। অথচ সাগর-রুনি দুজনই গণমাধ্যমের কর্মী, সাংবাদিক মহলে যাঁদের রয়েছে ব্যাপক পরিচিতি। এঁদের নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে প্রশাসনের ধীরগতি প্রত্যাশিত ছিল না।এ কারণেই একপর্যায়ে সাংবাদিক সমাজকে কলম রেখে মাঠে নামতে হয়। একের পর এক তারিখ দিয়েও কিন্তু এ হত্যাকাণ্ডের কোনো সুরাহা হচ্ছিল না। অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী একটা তারিখ দিলেন। কিন্তু তারিখের মধ্যে তিনি যে কথা বলেছেন, তাতে যদি সব মহলের উদ্বেগ কিছুটা হলেও প্রশমিত হতো, তা হলে কথা ছিল না। ঘোষিত ১০ অক্টোবরের মধ্যে যে করেই হোক একদল ‘খুনি’ ধরে দেখাতে হবে—এ রকম মনোভাব ছিল কি না, সে প্রশ্ন ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে, কারণ নিহতদের স্বজনেরা এই পদক্ষেপে আশ্বস্ত হতে পারছেন না। যাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে, তাদের পাঁচজনকে গত আগস্ট মাসেই চাঞ্চল্যকর চিকিৎসক হত্যার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। এ মামলায় আবার তাদের টেনে এনে জুড়ে দেওয়া হলো কি না, এ প্রশ্ন ওঠা স্বাভাবিক।স্বরাষ্ট্রমন্ত্রী এসব সন্দেহ ভিত্তিহীন বলে দাবি করেছেন। আমরা চাই প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক। সন্দেহভাজনেরাই যে প্রকৃত খুনি, তা সন্দেহাতীতভাবে প্রমাণ করা এখন সরকারের দায়িত্ব।