সাংবাদিক সাগর-রুনি হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নিহত হওয়ার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার করার ঘোষণা দিয়েছিলেন। এক বছর পরও মামলার তদন্তে কোনো অগ্রগতি হয়নি, সন্দেহভাজন কয়েকজন আটক হলেও ঘাতকেরা ধরা পড়েছে, সেই নিশ্চয়তা দিতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। সর্বশেষ সাগর-রুনির বাসার নিরাপত্তাপ্রহরী এনামুলকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গ্রেপ্তার করলেও তিনিই যে এই হত্যার সঙ্গে জড়িত, সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি তারা। র‌্যাবের কর্মকর্তারা জানান, ‘সাগর-রুনি হত্যার কারণ বা ঘটনা নির্দেশ করে, এমন ন্যূনতম সূত্রটিও তাঁদের হাতে নেই।’ এ কথা প্রমাণ করে, এখনো তাঁরা অন্ধকারেই রয়েছেন। অন্যদিকে দায়িত্বশীল ব্যক্তিরা একেক সময় একেক কথা বলে জনমনে সংশয় সৃষ্টি করছেন। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে র‌্যাবের মহাপরিচালক জানান, ‘এটি জটিল মামলা, এর তদন্ত দীর্ঘ হতে পারে।’আমাদের প্রশ্ন, কত দীর্ঘ হবে? ইতিমধ্যে একটি বছর পার হয়ে গেছে। মামলার তদন্তকারী সংস্থাই কেবল বদল হয়নি, বদল হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীও। নতুন মন্ত্রী দায়িত্ব গ্রহণের পর ‘প্রকৃত অপরাধী’ ধরার ব্যাপারে কয়েক দিন বেশ তোড়জোড় করে এখন চুপ হয়ে গেছেন। এর পেছনে কী রহস্য আছে, দেশবাসী তা জানার অধিকার রাখে।আগের তদন্তকারী দল অপারগতা প্রকাশের পটভূমিতে আদালত র‌্যাবকে এই দায়িত্ব দিয়েছিলেন। তারা ডিএনএ টেস্টের নামে ১৬ ব্যক্তির ডিএনএ নমুনা বিদেশে ল্যাবরেটরিতে পাঠানোর পর এখন বলছে, কারও নমুনা মেলেনি।বলার অপেক্ষা রাখে না যে সাগর-রুনি হত্যার তদন্তের ব্যাপারে শুরু থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অন্ধকারে ঢিল ছুড়ছেন। এর দুটি কারণ থাকতে পারে—এক, রহস্যজনক কারণে তাঁরা এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের আসামিদের ধরছেন না। দুই, অপরাধীদের ধরার ক্ষমতা ও যোগ্যতাই তাঁদের নেই। দুই ক্ষেত্রেই সরকার দায় এড়াতে পারে না। কেবল সাগর-রুনি নন, এ পর্যন্ত সাংবাদিক হত্যার যতগুলো ঘটনা ঘটেছে, একটিরও বিচার হয়নি। কেন হয়নি, সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। এসব মামলার তদন্তে গাফিলতির কারণে কারও শাস্তি হয়েছে, এ রকম নজিরও নেই। অথচ এ ধরনের অন্যান্য ঘটনায় রহস্য ভেদ হচ্ছে, অপরাধীরা চিহ্নিত হচ্ছে ও বিচারের মুখোমুখি হচ্ছে। তাহলে কি আমরা ধরে নেব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিক হত্যার বিচারের বিষয়টি মোটেই গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। সরকার কথা দিয়েও কথা রাখেনি।সাগর-রুনি হত্যার বিচারের ব্যাপারে পরিবার ও সাংবাদিক সমাজের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। তারা তদন্তের নামে নতুন কোনো ‘জজ মিয়া কাহিনি’ শুনতে চায় না। তারা চায় সাগর-রুনির প্রকৃত হত্যাকারীরা ধরা পড়ুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাক। বিচারহীনতার এই সংস্কৃতি যেমন সাংবাদিকদের চরম ঝুঁকিতে ফেলেছে, তেমনি আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকাকেও করছে প্রশ্নবিদ্ধ।