সাংবাদিক হত্যা-নির্যাতন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাকনিরাপত্তা: সব মাধ্যমে ভাব প্রকাশের স্বাধীনতা’ স্লোগান নিয়ে সারা বিশ্বে যখন মুক্ত গণমাধ্যম দিবস পালিত হলো, তখন বাংলাদেশের সংবাদকর্মীদের নিরাপত্তাহীনতার বিষয়টি আমাদের উদ্বিগ্ন না করে পারে না। গত ছয় মাসে প্রথম আলোর ছয়জন প্রতিনিধি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ছাড়া হয়রানিমূলক মামলাসহ সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা তো আছেই। আরও উদ্বেগজনক হলো, এসব সন্ত্রাসী ঘটনার সঙ্গে স্থানীয়ভাবে প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা যুক্ত থাকায় থানা-পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। এ ধরনের ঘটনা কেবল স্বাধীন সাংবাদিকতাই নয়, জনজীবনের নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি। গত ২৮ মার্চ প্রথম আলোর অভয়নগর প্রতিনিধি মাসুদ আলম ও ২৬ মার্চ ধরমপাশা প্রতিনিধি সালেহ আহমেদ সন্ত্রাসী হামলার শিকার হন। দুই ঘটনায় আসামিদের নামধামসহ মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। তদন্তকাজও এগোয়নি। গত দেড় দশকে দেশে বহু সাংবাদিক সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন, কিন্তু একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। ১৫ মাস আগে সংঘটিত সাংবাদিক-দম্পতি সাগর-রুনি হত্যার আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে পাকড়াও করার অঙ্গীকার করেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নানা কথার ফুলঝুরি ছড়ালেও কোনো অপরাধীই চিহ্নিত বা গ্রেপ্তার না হওয়া সাংবাদিকদের নিরাপত্তার ব্যাপারে সরকারের উদাসীনতারই প্রমাণ। গত চার বছরে ১৭ জন সাংবাদিক খুন হওয়ার পাশাপাশি ক্রমবর্ধমান সাংবাদিক নির্যাতনের ঘটনা কিসের ইঙ্গিত দেয়? গত ৬ এপ্রিল হেফাজতে ইসলামের মহাসমাবেশে একজন নারী সাংবাদিকের প্রহূত হওয়ার ঘটনাও এখানে সাংবাদিকের কর্মপরিবেশের অবনতির বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বিশ্ব মুক্ত সাংবাদিকসূচকে ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৯তম থেকে ১৪৪-এ নেমে যাওয়া অত্যন্ত হতাশাব্যঞ্জক। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের নির্যাতন বন্ধের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে বলেছেন। কিন্তু এ কথা বলে আইন প্রয়োগের গুরুত্ব খাটো করে দেখার এবং সরকারের দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। আমরা প্রথম আলোর প্রতিনিধিসহ সব সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের শাস্তির দাবি করছি।