সাংবাদিকতা শিক্ষার ৫০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের এই ভূখণ্ডে সাংবাদিকতার ঐতিহ্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়েরও অনেক আগের। মাতৃভাষার আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাসংগ্রাম পর্যন্ত আমাদের সাংবাদিকতার ভূমিকা ছিল রাজনৈতিক দলগুলোর ভূমিকার সম্পূরক। স্বাধীন বাংলাদেশেও স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সংবাদমাধ্যম। দেশের প্রধান বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদ্যাপনের মুহূর্তে পেছনে ফিরে তাকালে আমাদের সাংবাদিকতার এই বৈশিষ্ট্য প্রধান বলে মনে হয়। বিকাশের এ মূলধারাটি দিনে দিনে প্রসারিত হয়ে এখন ছড়িয়ে পড়েছে আরও নানা দিকে। আইনের শাসন, মানবাধিকার, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি, নাগরিক অধিকার, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার, নারী অধিকার, শ্রম অধিকার, দারিদ্র্য বিমোচন, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ইত্যাদি নানা ক্ষেত্রে সাংবাদিকতার দৃষ্টি আজ প্রসারিত হয়েছে।এ রকম অবস্থায় সংবাদ সংগ্রহ ও পরিবেশনসহ সামগ্রিক সংবাদ ব্যবস্থাপনায় পেশাদারির অনিবার্যতা স্বাভাবিকভাবেই সৃষ্টি হয়। যদিও সংবাদপত্রশিল্প এখনো আনুষ্ঠানিকভাবে শিল্প হিসেবে ঘোষিত হয়নি, তবু সাম্প্রতিক দেড় দশকে এটি শিল্পের বৈশিষ্ট্য অর্জন করেছে। দৈনিক সংবাদপত্রের সংখ্যা বেড়েছে, বেড়েছে পাঠকসংখ্যাও। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে সংবাদমাধ্যমের রাজস্ব আয়ের ক্ষেত্রও বৃদ্ধি পেয়েছে। আর প্রায় এক দশকের মধ্যে দুই ডজনের বেশি বেসরকারি টিভি চ্যানেল, এফএম বেতারকেন্দ্র চালু হওয়ায় সংবাদমাধ্যমে লোকবলের চাহিদা বেড়েছে ব্যাপক মাত্রায়। ফলে মুদ্রণ ও সম্প্রচার উভয় সংবাদমাধ্যমের জন্য শিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী তৈরি করার গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি।ঢাকা বিশ্ববিদ্যালয়সহ তিনটি পাবলিক ও বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা শিক্ষা দেওয়া হচ্ছে। তবু সংবাদমাধ্যমে সাংবাদিকতায় শিক্ষাপ্রাপ্ত কর্মীর সংখ্যা প্রত্যাশিত হারে বাড়ছে না। এর কারণ অনুসন্ধান করা প্রয়োজন। বিশেষত, সম্প্রচার সাংবাদিকতায় শিক্ষা-প্রশিক্ষণের গুরুত্ব উপলব্ধির ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি আছে। সাংবাদিকতার গুণগত মান উন্নয়নের জন্য এ বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণের পাশাপাশি সংবাদমাধ্যম এবং সাংবাদিকতা শিক্ষার প্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতামূলক যৌথ উদ্যোগের কথা উভয় পক্ষেরই ভাবা প্রয়োজন।