সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি-মাস্তানির খবর ছাপা হলেই সাংবাদিকের ওপর ঝাঁপিয়ে পড়ে একশ্রেণির দুর্বৃত্ত। কেউ রাজনৈতিক ছত্রচ্ছায়ায়, কেউ অর্থের জোরে সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। করোনাকালেও তাদের দুর্বৃত্তায়ন থেমে নেই।

ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছিল জেলেদের জন্য চাল বিতরণের। প্রত্যেক জেলের জন্য বরাদ্দ ছিল ৪০ কেজি। তিনি জেলেপ্রতি ১৫ কেজি চাল দিয়ে বাকিটা আত্মসাৎ করেন। সাংবাদিক সাগর চৌধুরী তাঁর অনলাইন পোর্টাল ডব্লিউ ৩৬০ ডিগ্রি-তে এই খবর ফাঁস করে দেন। রাতের আঁধারে অন্যত্র চাল সরিয়ে নেওয়ার ছবিও ইউএনওর কাছে জমা দিয়েছেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে জসিম উদ্দিনের ছেলে নাবিল হায়দার, যিনি স্থানীয় ছাত্রলীগ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দলবল নিয়ে সাগর চৌধুরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে মুঠোফোন চুরির মিথ্যা অপবাদ দিয়ে মারধর করেন। গত মঙ্গলবার এ ঘটনার পর বুধবার পুলিশ নাবিল হায়দারকে গ্রেপ্তার করে। 

শুক্রবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামে ডেইলি সান–এর পটুয়াখালী প্রতিনিধি মো. কাইয়ুম সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তাঁকে গলাচিপা স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। জলমহাল ইজারার দাবিদার দুই পক্ষের সংঘর্ষের ছবি তুলেছিলেন তিনি। এ ঘটনায় মৎস্য সমিতির সদস্য আবু তালেব বাদী হয়ে ১২ জনকে আসামি করে মামলা করেছেন। হবিগঞ্জেও ত্রাণের চালের অনিয়মের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করায় সাংবাদিক শাহ সুলতান আহমদকে মারধর করেন স্থানীয় ইউপি চেয়ারম্যানের লোকজন।

খবর পরিবেশন করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। তথ্য ভুল হলে ভুক্তভোগীরা প্রতিবাদ জানাতে কিংবা আইনের আশ্রয় নিতে পারেন। কিন্তু তা না করে সাংবাদিকদের ওপর শারীরিক আক্রমণ চালানো হয়। অনেক সময় প্রশাসন আক্রমণকারীদের পক্ষ নেয়। ভোলা ও গলাচিপার পুলিশ প্রশাসন তা করেনি। ভোলার ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার করেছে এবং পাঁচ দিনের রিমান্ড চেয়েছে। গলাচিপার পুলিশও হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। হবিগঞ্জের ঘটনায় স্থানীয় প্রশাসন বলেছে, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। খবর সত্য হোক বা ভুল হোক, সাংবাদিকদের ওপর হামলা বন্ধ করতেই হবে। অবিলম্বে বাকি হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা হোক।