সাংবাদিকদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে সরকার-সমর্থিত প্রার্থীদের কর্মী-সমর্থকেরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে শুধু গুরুতর ফৌজদারি অপরাধ করেননি, তাঁদের এই দুর্বৃত্তপনার মধ্য দিয়ে ক্ষমতাসীন দলের অসাধু উদ্দেশ্য স্পষ্টভাবে ধরা পড়েছে। আমরা হামলাকারীদের প্রতি তীব্র ধিক্কার জানাই এবং তাঁদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।
সংবাদমাধ্যম ছিল নির্বাচনের সবচেয়ে কার্যকর পর্যবেক্ষক। স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের ভূমিকা হতে পারত নির্বাচন কমিশনের সহায়ক। কিন্তু নির্বাচন কমিশন নিজেই স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চেয়েছে কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে; কেননা স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের উপায়গুলো কমিশন নিশ্চিত করেনি। ভোট গ্রহণ চলাকালে সব ধরনের অন্যায়-অপকর্ম প্রতিরোধের অন্যতম উপায় ছিল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ অবারিত রাখা, তাঁদের কাজে বাধা সৃষ্টি করা হলে সেই বাধা দূর করার পদক্ষেপ নেওয়া। কিন্তু নির্বাচন কমিশন তা তো করেইনি, বরং তার নির্দেশনায় পরিচালিত পুলিশ বাহিনীর সদস্যরাও সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দিয়েছেন। ঢাকা ও চট্টগ্রামে নয়জন সাংবাদিকের ওপর শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে, ভয় দেখিয়ে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে আরও ১৫ জনকে। এসব ক্ষেত্রে পুলিশ বাহিনীর সদস্যরা আক্রান্ত বা বাধাপ্রাপ্ত সাংবাদিকদের সহযোগিতায় এগিয়ে না এসে নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। পুলিশের এই দলীয় আচরণও নিন্দনীয়।
২১ সাংবাদিক হামলা ও বাধার শিকারসাংবাদিকদের ওপর হামলা, ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়া ও ভয়ভীতি দেখিয়ে দায়িত্ব পালন থেকে বিরত রাখার ঘটনাগুলোর মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে ভোট চুরিসহ সব রকমের অন্যায়-অপকর্ম যাতে জনসমক্ষে প্রকাশ না পায়, ক্ষমতাসীন দল, নির্বাচন কমিশন ও পুলিশ বাহিনী একযোগে তা-ই চেয়েছে। এ ধরনের প্রবণতা জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মঙ্গলবার যাঁরা এসব অপরাধ করেছেন, তাঁদের বিচার ও শাস্তি নিশ্চিত করা জরুরি।