সাংসদ আমানুরের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সাংসদ আমানুর রহমান খানের বিরুদ্ধে নতুন করে যে অভিযোগ এসেছে, সেটিও হত্যাচেষ্টা। স্থানীয় আওয়ামী লীগের নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যার অভিযোগপত্রভুক্ত আসামি হিসেবে তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে আটক আছেন এবং সেখানে বসেই ছাত্রলীগের এক নেতাকে হত্যার হুকুম দিয়েছেন বলে আসামিদের একজন আদালতে জবানবন্দি দিয়েছেন। ফারুক হত্যা মামলায় আমানুরের তিন ভাইও আসামি।
প্রথম আলোয় প্রকাশিত খবর থেকে জানা যায়, সাংসদ আমানুরের নির্দেশেই তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অস্ত্রধারীরা টাঙ্গাইলের ছাত্রলীগের নেতা আবু সাঈদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। আদালতে দেওয়া জবানবন্দির বিষয়ে পুলিশ সদর দপ্তর ‘বিশেষ প্রতিবেদন’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কারাগারে বসে কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু আইনপ্রণেতার তকমা থাকায় ইতিমধ্যে আমানুরকে অনেক ছাড় দেওয়া হয়েছে। হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও আমানুর সংসদে হাজিরা খাতায় সই দিয়ে সদস্যপদ রক্ষা করেছেন।
দুটি ঘটনারই শিকার হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা। রাজনৈতিক দলে বিরোধ থাকবে, তাই বলে বিরোধিতাকারীকে হত্যা করতে হবে? এটি কী ধরনের রাজনীতি? ছাত্রলীগের নেতা আবু সাঈদের কপাল ভালো, গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছেন। কিন্তু ফারুক আহমদকে জীবন দিতে হয়েছে প্রতিপক্ষের জিঘাংসার।
কারাগারের কর্মকর্তারা বলেছেন, আমানুর ভিআইপি সেলে আছেন বলে কে কখন আসেন, তাঁরা জানেন না। ভিআইপির সুযোগ নিয়েই যদি আমানুর এই অপকর্ম করে থাকেন, তাহলে সেটি খুবই দুঃখজনক। স্বরাষ্ট্রমন্ত্রী ছাড় দেওয়া হবে না বলে যে ঘোষণা দিয়েছেন, সেটি দুটি হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামির ভিআইপির মর্যাদা কেড়ে নিয়েই শুরু হতে পারে।
বিগত সরকারবিরোধী আন্দোলনের সময়ে সংঘটিত হত্যা ও জ্বালাও-পোড়াওয়ের দায়ে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে সরকার। কিন্তু যে ব্যক্তি কারাগারে বসে নিজ দলের কর্মীকে হত্যার হুকুম দেন, তাঁর বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? এ ক্ষেত্রে আইন কেন নিজস্ব গতিতে চলে না?