গাইবান্ধার সুন্দরগঞ্জের নয় বছরের শিশু শাহাদাতকে গুলি করে আহত করার অভিযোগে সরকারদলীয় সাংসদ মন্জুরুল ইসলামকে অবশেষে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে—এটা একটা আশার খবর। আশা এই যে গুলিবিদ্ধ শিশুটির দরিদ্র ও ক্ষমতাহীন পরিবার ন্যায়বিচার পাবে। তাকে যিনি গুলি করেছেন, তিনি যতই প্রভাবশালী ব্যক্তি হোন না কেন, আইনের যথাযথ প্রয়োগ তাঁর ক্ষেত্রেও ঘটানো হবে।
শাহাদাত গুলিবিদ্ধ হওয়ার পর ১২ দিন ধরে সাংসদ মন্জুরুল ইসলামের গ্রেপ্তার না হওয়ায় তাঁর ক্ষেত্রে আইন প্রয়োগের ব্যাপারে জনমনে যে সংশয়, হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছিল, তাঁর গ্রেপ্তারের মধ্য দিয়ে তার অবসান ঘটেছে। কিন্তু এই অপরাধের বিচার–প্রক্রিয়ার এটি প্রাথমিক পদক্ষেপ মাত্র। সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হলে আরও অনেক কিছু করতে হবে। প্রথমে নিশ্চিত করতে হবে, শিশুটির পরিবারের নিরাপদে চলাফেরা ও বসবাসে যেন কোনো সমস্যা না হয়। তার বাবা ও মামলার বাদী সাজু মিয়া ইতিমধ্যে এ ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন।
নিরাপত্তা নিয়ে তাঁর শঙ্কার কারণ বাস্তব, কেননা তিনি দরিদ্র ও প্রভাব–প্রতিপত্তিহীন হয়ে হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা করেছেন ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী সাংসদের বিরুদ্ধে। এই দেশে এ ধরনের মামলার বাদীদের নিরাপত্তার প্রতি হুমকি, মামলা তুলে নেওয়ার জন্য চাপ, ভয়ভীতি প্রদর্শন ইত্যাদি জবরদস্তিমূলক আচরণের দৃষ্টান্তই বেশি। তা ছাড়া, যথাযথভাবে মামলা নথিভুক্ত করা, সাক্ষ্য-আলামত ইত্যাদি সংগ্রহ করা এবং দক্ষতা, আন্তরিকতা ও জোরের সঙ্গে মামলায় লড়ার ক্ষেত্রেও দুর্বলতা থাকে। মনে রাখতে হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে আসামির বিরুদ্ধে অভিযোগ আদালতে সত্য বলে প্রমাণ করতে হবে। সে জন্য আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ তথা প্রসিকিউশনকে সব ধরনের প্রভাবের ঊর্ধ্বে থেকে আন্তরিকভাবে, দক্ষতার সঙ্গে মামলায় লড়তে হবে।
শাহাদাতের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশজুড়ে যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে, সরকার তা গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে। একই রকম গুরুত্বের সঙ্গে সুষ্ঠু বিচার নিশ্চিত করা দরকার।