মানব পাচার ও ভয়ংকর মাদকদ্রব্য ইয়াবার চোরাচালান বাংলাদেশের একটা বড় সমস্যা। মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কিছু অংশের দ্বারাও নানা ধরনের অপরাধ সংঘটিত হয়। এসব মিলিয়ে একটা শক্তিশালী অপরাধী চক্র গড়ে উঠেছে কক্সবাজার এলাকায়, যাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার কোনো তৎপরতা লক্ষ করা যায় না। আবদুর রহমান বদি এই চক্রের প্রধান বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু তাঁর বিরুদ্ধে আইন প্রয়োগ করা হচ্ছে না। সেটি কি তিনি সরকারি দলের সাংসদ বলেই?
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের সেপ্টেম্বরে টেকনাফের ৭৯ জন মানব পাচারকারীর এক তালিকা তৈরি করেছে, যার এক নম্বরে আছে আবদুর রহমান বদির নাম। সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি করা ইয়াবা চোরাচালানকারীদের তালিকায়ও তাঁর নাম আছে মূল পৃষ্ঠপোষক হিসেবে। আর রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাংলাদেশের ভোটার তালিকায় নাম লেখানো ও জাতীয় পরিচয়পত্র পেতে সহায়তাকারীদের তালিকায়ও বদির নাম আছে এক নম্বরে।
তিন তালিকাতেই সাংসদ বদিএই তিনটি গুরুতর অপরাধবৃত্তির প্রধান হোতাকেই যখন সরকারি সংস্থাগুলো নিজেরাই চিহ্নিত করেছে, তখন এসব অপরাধ দমনে সরকারের ব্যর্থতার কারণ কী? বঙ্গোপসাগর দিয়ে মানব পাচারের ঘটনায় দেশে-বিদেশে প্রচণ্ড হইচই হলো। কিন্তু গুটিকয় মানব পাচারকারী দালালকে ‘ক্রসফায়ারে’ হত্যা করা ছাড়া কার্যকর পদক্ষেপ নেওয়া হলো না। বছরে ৮০০ কোটি টাকার এই বাণিজ্যের মূল হোতার ক্ষমতা-প্রতিপত্তির কাছে অকার্যকর হয়ে গেছে আইন প্রয়োগ ব্যবস্থা। একই কথা বলতে হয় ইয়াবা চোরাচালান সম্পর্কেও, এই মারাত্মক মাদকদ্রব্য দেশের তরুণ-যুবসমাজের এক বড় অংশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, অথচ এই চোরাচালান চক্রের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হচ্ছে না।
শুধু অপরাধীদের তালিকা তৈরি করলেই চলবে না, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগে তৎপর হতে হবে। সরকারি কর্তৃপক্ষগুলোর দায়িত্ব বদির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করা; আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব বদি ও তার চক্রের লোকজনকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং দক্ষতার সঙ্গে মামলা লড়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।