কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদির মতো বহুলভাবে অভিযুক্ত জনপ্রতিনিধি আরও কেউ থাকতে পারেন। তবে ১৯ জন বিশিষ্ট ব্যক্তি ও সরকারি কর্মকর্তাকে মারধর করার রেকর্ড আর আমাদের জানা নেই। মানব পাচার, ইয়াবা চোরাচালান ও রোহিঙ্গাদের বৈধকরণ—এই তিন অপরাধের অন্যতম হোতা হিসেবেও অভিযুক্ত তিনি। এত কিছুর পরও সরকারি দলের নেতার মর্যাদা ভোগ করেন এবং বিচারের সম্মুখীন হওয়ার বদলে নিজেই মারধরের বিচারকর্ম চালিয়ে যান!
সাংসদ বদির ১৯তম প্রহারের শিকার কক্সবাজারের উখিয়া উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী। মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় না আসা কিংবা দেরিতে আসার অভিযোগে বদি তাঁকে প্রহার করেন। কোনো অনিয়ম হয়ে থাকলেও তার প্রতিকারের দায়িত্ব সাংসদের নয়। এ দায়িত্ব এলজিইডির বিভাগীয় প্রধানের। বদি যে আচরণ করে চলেছেন, তার সঙ্গে তুলনা চলে উনিশ শতকের কোনো দুর্বৃত্ত জমিদারের। তারপরও ব্রিটিশের আদালতে মামলা করা যেত, কোনো কোনো ক্ষেত্রে প্রতিকারও মিলত। কিন্তু বদি সরকারের উচ্চ মহলের মদদে সব আইন-আদালত, প্রতিষ্ঠান ও নীতি-নৈতিকতার ঊর্ধ্বের আসনে সুপ্রতিষ্ঠিত।
প্রকৌশলীকে বদির কিলঘুষিকাগজে-কলমে হলেও সরকার-প্রশাসন অবশ্য তাঁর ব্যাপারে কিছুটা তৎপর হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা টেকনাফের শীর্ষ ৭৯ মানব পাচারকারীর তালিকার শীর্ষস্থানটি তাঁরই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকায়ও বদিকে মাদকের মূল পৃষ্ঠপোষক বলা হয়। ২০১৩ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্বাচন কমিশনে পাঠানো প্রতিবেদন বলছে, অবৈধভাবে রোহিঙ্গাদের ভোটার করা ও জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ারও সরদার তিনি। তিনি ও তাঁর আত্মীয়স্বজন কক্সবাজার থেকে এক ভয়ংকর মাফিয়াতন্ত্র পরিচালনা করছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা থাকলেও তিনি জামিন পেয়ে আবারও অনাচারে লিপ্ত হন।
আইনের শাসন ও জবাবদিহির প্রয়োজন তো পরে আসবে, মানব পাচার ও নেশার করাল থাবা থেকে দেশকে বাঁচাতে হলে বদিকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা এবং তাঁর মাফিয়া নেটওয়ার্ক ধ্বংস করা প্রয়োজন। বদির অপরাধ দিনের আলোর মতো স্পষ্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন অন্ধকারে নীরব ও নিষ্ক্রিয়?