সাংসদ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ হত্যার ঘটনা শুধু আওয়ামী লীগ দল বা সরকারের জন্যই নয়, সবার জন্যই উদ্বেগজনক। ঘরে ঢুকে যেভাবে গুলি করে গাইবান্ধার সাংসদ মনজুরুল ইসলাম লিটনকে হত্যা করা হলো, তা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে দিয়ে গেল। একই দিনে খুলনায় আওয়ামী লীগের এক নেতাকে করা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক পথচারী নারীর প্রাণ হরণ করে। ঘটনাগুলোকে হেলাফেলাভাবে দেখার উপায় নেই। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিকই রয়েছে।’
ঘরে ঢুকে সাংসদকে গুলি করে হত্যাসাংসদ মনজুরুল ইসলামকে হত্যার ঘটনায় পুলিশ এ পর্যন্ত ১৮ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও তাঁদের পরিচয় প্রকাশ করেনি। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধর্মীয় মৌলবাদী শক্তির প্রতি ইঙ্গিত করেছেন। এ ধরনের সম্ভাবনা অবশ্যই গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন। কিন্তু, একইসঙ্গে এ কথাও স্মরণে রাখা প্রয়োজন যে, সুনির্দিষ্ট তথ্য–প্রমাণ ছাড়া কারও দিকেই অভিযোগের আঙুল তোলা ঠিক নয়। এ ধরনের ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত হত্যাকারীকে গ্রেপ্তার ও বিচারের ব্যবস্থা করার। একইসঙ্গে, এ ঘটনা জনপ্রতিনিধিদের নিরাপত্তার প্রশ্নকে সবার সামনে তুলে ধরল।
এ ঘটনা বিগত বিএনপি জোট সরকারের সময়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ও সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যার ঘটনা মনে করিয়ে দেয়। এ হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত, অন্তর্দলীয় কোন্দল কিংবা রাজনৈতিক শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। শুধু হত্যাকারী চার যুবককেই নয়, তাদের পেছনের শক্তির পরিচয় এবং হত্যার প্রকৃত উদ্দেশ্যও তদন্ত করে বের করতে হবে। মনজুরুল ইসলাম সুন্দরগঞ্জের শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করার কারণে আলোচিত ছিলেন। ব্যক্তি মনজুরুল ইসলাম যেমনই হোন, সাংসদকে হত্যার নিশানায় আনার লক্ষণ অশুভ।
গত কয়েক বছরে বাংলাদেশে হত্যার প্রকোপ খুব বেড়ে গেছে। রাজনৈতিক কর্মসূচির মধ্যে, সন্ত্রাস দমনের নামে এবং জঙ্গিবাদীদের হাতে অজস্র মানুষ খুন হয়েছেন। এর অর্থ এই সমাজে খুনিদের সংখ্যা ও দাপট বেড়ে গেছে ভয়ানকভাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জনসাধারণের উদ্বেগের প্রতিফলন না থাকা তাই হতাশাজনক। সার্বিক স্থিতিশীলতা এবং জননিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সরকারকে তাই ভাবতে হবে। পুলিশসহ গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তকাজ সুচারুভাবে পরিচালিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।