দশম জাতীয় সংসদের সপ্তম থেকে ত্রয়োদশ অধিবেশন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ বা টিআইবির গবেষণায় যেসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে, তাতে অনেক কিছুই গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। এখানে যেটি ইতিবাচক তা হলো, বিগত সংসদে সংসদ নেতার উপস্থিতির হার ছিল ৭৬ শতাংশ; এবারে ৮৮ শতাংশ। কিন্তু কোরাম-সংকট হয়েছে ৪৮ ঘণ্টা, অর্থমূল্যে যার পরিমাণ ৪৭ লাখ টাকা। আগের সংসদে কোরাম-সংকটের মাত্রা অবশ্য আরও অনেক বেশি ছিল।
উল্লেখ্য, গেলবার বিরোধী দল যতটা সময়ে সংসদে ছিল, তারা দায়িত্ব পালনের চেষ্টা করেছে; যেসব বিল বা সরকারের পদক্ষেপ জনস্বার্থের বিরোধী মনে করেছে, সেগুলোর বিরোধিতা করেছে। কিন্তু বর্তমান সংসদে যে বিরোধী দল আছে, তার বেশ কয়েকজন সদস্য মন্ত্রিসভার সদস্য হওয়ার কারণে তঁারা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিরোধিতা করতে পারছেন না। দলটির প্রধান দলীয় মন্ত্রীদের বের করে আনার কথা মাঝেমধ্যে বললেও তিনি নিজেই প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদে আসীন রয়েছেন।
এ ছাড়া টিআইবির গবেষণায় সংসদের উদ্বেগজনক যে চিত্র উঠে এসেছে তা হলো সংসদে আক্রমণাত্মক, কটু ও অশালীন শব্দের ব্যবহার। সংসদের বাইরে থাকা রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে ২ হাজার ১০১ বার এবং সংসদের ভেতরে থাকা প্রতিপক্ষকে নিয়ে ৪৩৩ বার কটূক্তি তথা অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে। সংসদে যেকোনো বিষয়ে বিতর্ক ও আলোচনা হবে। কিন্তু অশালীন বা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হবে কেন? তা–ও যাঁরা সংসদে নেই, তাঁদের নিয়ে। অর্থাৎ এই সংসদে এসে তাঁরা এসব আক্রমণের জবাবও দিতে পারবেন না। এটি সংসদীয় আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনেও সংসদের স্বাতন্ত্র্য অবস্থানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্থাটি বলেছে, সরকার ও সংসদের ভূমিকা এক হতে পারে না। সংসদের আলাদা বৈশিষ্ট্য থাকতে হবে। সংসদ যদি স্বাতন্ত্র্য হারিয়ে ফেলে এবং কটূক্তিতে অযথা সময় ব্যয় করে, তাহলে জনগণ কার ওপর ভরসা রাখবে?
সংসদ ও সাংসদদের কাছে জনগণের প্রত্যাশা অনেক। তাদের আচরণ অনুকরণীয় হওয়া উচিত। কটূক্তির অপসংস্কৃতি থেকে তাঁদের বেরিয়ে আসতেই হবে।