সাংসদদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

মাঠ প্রশাসনের স্বেচ্ছাচারী কাজকর্ম নিয়ে সাংসদদের মধ্যে যে ক্ষোভ ধূমায়িত হয়ে উঠেছে, গত বুধবার জাতীয় সংসদ ভবনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তার বহিঃপ্রকাশ ঘটল। কয়েকজন সাংসদ খেদের সঙ্গে অভিযোগ করলেন, সরকারি ত্রাণসহায়তার চাল (জিআর) বরাদ্দের তালিকা চূড়ান্ত করার আগে স্থানীয় প্রশাসন তাঁদের সঙ্গে পরামর্শ করে না। অথচ জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে তঁাদেরই জবাবদিহি করতে হয়।

বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও গরিব জনসাধারণের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সরকার দেশের সব জেলার জেলা প্রশাসক যে জিআর চাল ও টাকার থোক বরাদ্দ দেয়, তার তালিকা তৈরি ও বিতরণ নিয়ে বিস্তর অভিযোগ আছে। জিআর বরাদ্দের ক্ষেত্রে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-১৩ অনুযায়ী সাংসদদের উপদেষ্টা রাখার বিধান আছে। কিন্তু সাংসদদের অভিযোগ, নামে তাঁরা উপদেষ্টা থাকলেও বাস্তবে তাঁদের উপদেশ বা পরামর্শ নেওয়া হয় না। স্থানীয় প্রশাসন স্বেচ্ছাচারী কায়দায় সবকিছু করে।

জাতীয় সংসদের বিগত অধিবেশনেও সাংসদেরা করোনা মোকাবিলায় জেলা পর্যায়ে সচিবদের নেতৃত্বে কমিটি গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাঁদের অগ্রাহ্য করে স্থানীয় প্রশাসন ত্রাণসামগ্রী বিতরণ করছে। এতে জনপ্রতিনিধি হিসেবে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সাংসদদের অভিযোগ ভিত্তিহীন নয়। তবে এ কথাও বলতে হবে যে সাংসদেরা নিজেদের ভাবমূর্তি নিয়ে বিচলিত হলেও দুর্যোগ-দুর্বিপাকে তাঁদের জনগণের পাশে খুব একটা দেখা যায় না। প্রতিবেশী ভারতে করোনা সংকট মোকাবিলায় জনপ্রতিনিধিরা (মন্ত্রীসহ) তাঁদের বেতন-ভাতার একাংশ ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। আমাদের কোনো সাংসদ সে রকম দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানা নেই।

সংসদীয় কমিটির বৈঠকে একাধিক সাংসদ অভিযোগ করেন, সরকারি কর্মকর্তাদের মাধ্যমে ত্রাণসহায়তার চাল ও টাকা (জিআর চাল ও ক্যাশ) বিতরণ করায় অনেক অনিয়ম হচ্ছে। প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাচ্ছেন না। এ ছাড়া মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য সরকারের আবাসন প্রকল্প বাস্তবায়নও স্থানীয় প্রশাসন এককভাবে করেছে; যাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে সংবাদমাধ্যমে খবর এসেছে। অনেক স্থানে উদ্বোধনের পরই ঘরে ফাটল ধরেছে কিংবা দেবে গেছে। কোথাও এমন নিচু জায়গায় ঘর নির্মাণ করা হয়েছে, যা বসবাসের উপযোগী নয়। ঘরহীন মানুষের সুখের ঠিকানা এখন তাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আবার উল্টো অভিযোগও আছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিটি ইউনিয়নে গৃহহীনদের তালিকা তৈরি করার দায়িত্ব দিয়েছিলেন স্থানীয় জনপ্রতিনিধি তথা ইউপি চেয়ারম্যান ও সদস্যদের। তাঁরা বরাদ্দপ্রাপ্তদের কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা নিয়েছেন। সরকারি কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধি যে–ই হোন না কেন, গৃহহীনদের আবাসন প্রকল্প বাস্তবায়নে যাঁরা অনিয়ম করেছেন বা উৎকোচ নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

জনগণের করের অর্থে জনগণের কল্যাণে যেসব প্রকল্প নেওয়া হয়, তার সুষ্ঠু বাস্তবায়ন যেমন প্রয়োজন, তেমনি দায়িত্বপ্রাপ্তদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। স্থানীয় প্রশাসন জবাবদিহির ঊর্ধ্বে থাকতে পারে না। জনপ্রতিনিধিদেরও নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সজাগ থাকতে হবে। যাঁরা প্রশাসনের কাছে স্বচ্ছতা ও জবাবদিহি দাবি করেন, তাঁদের নিজেদের জবাবদিহি থাকতে হবে।