সমাজ বা রাষ্ট্রের কোনো একটি নির্দিষ্ট পেশা বা শ্রেণিভুক্ত হওয়ার কারণে তারা শুধু সেই বিবেচনায় কোনো রাষ্ট্রীয় সুবিধা গ্রহণ করলে তা সংবিধানসম্মত হতে পারে না। আর যখন তেমন কোনো অনৈতিক ও ব্যক্তিগত সুবিধা খোদ সাংসদেরাই নিজেদের অবস্থানকে ব্যবহার করে বাগিয়ে নিতে উদ্যত হন, তখন তাকে দুর্ভাগ্যজনক ছাড়া আর কীই-বা বলা যায়। সোমবার সাংসদদের একই সঙ্গে প্লট ও ফ্ল্যাট দুটোই লাভ করার ঘোষণা এল এমন এক প্রেক্ষাপটে, যখন সংসদকে কার্যকর ও গতিশীল করার ব্যাপারে সাংসদদের ঔদাসীন্য আর কোনো গোপন বিষয় নয়।
সংসদের কার্যক্রম দৃশ্যত এতটাই স্থবির হয়ে পড়েছে যে স্থায়ী কমিটিগুলোর বিধিবদ্ধ বৈঠকগুলো পর্যন্ত অনিয়মিত হয়ে পড়েছে। বিশ্ব সম্প্রদায় যখন বাংলাদেশের সুশাসনের সংকটের বিষয়টি তুলে ধরছে, দেশে যখন গুপ্তহত্যা চলছে ও সন্দেহভাজন জঙ্গিরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, তখনো আমরা সংসদকে বিচলিত হতে দেখি না। সাংসদেরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে ‘নো নো’ নয়, বরং প্লট ও ফ্ল্যাট দুটো একসঙ্গে না পাওয়ার প্রস্তাব শোনামাত্রই সমস্বরে ‘নো নো’ ধ্বনি তুলেছেন। আর আমরা পরিহাসের সঙ্গে দেখলাম, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সেই প্রস্তাব মুহূর্তেই না থেকে হ্যাঁ-এ পরিণত হলো।
একসময় প্লট বরাদ্দের ক্ষেত্রে নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে ঢাকায় নিজের নামে বা পরিবারের কারও নামে জমি থাকলে কেউ সরকারি জমি পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন না। নতুন নতুন প্রকল্পের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে সেই বিধান বাদ দেওয়া হয়েছে। বোঝা যায় নিজেদের সুবিধার জন্যই এ ধরনের বিধান বাদ দেওয়া হয়েছে। সংবিধানের ১৫ অনুচ্ছেদ পরিকল্পিত অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল রেখে নাগরিকের জন্য আবাসন সুবিধা আর ১৯ অনুচ্ছেদ রাষ্ট্রকে তার সম্পদের সমতামূলক বণ্টন নিশ্চিত করতে বলেছে। সুতরাং অন্যদের কথা না ভেবে সাংসদেরা নিজেদের জন্য প্লট ও ফ্ল্যাট দুটোই পাওয়ার বিধান করে নেবেন, সেটাকে আর যাই হোক সংবিধানবর্ণিত ‘সমতামূলক বণ্টন’ বলা যায় না।