সাংসদদের বিশেষ সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের ১৯৮ জন সদস্যের (এর মধ্যে মন্ত্রী ও উপদেষ্টারাও আছেন) ৭৩ বিঘার বেশি জমিপ্রাপ্তির একটি ফিরিস্তি জাতীয় সংসদে প্রকাশিত হওয়ায় কতগুলো প্রশ্ন সামনে এসেছে। সহজে হয়তো এর উত্তর মিলবে না। বলা বাহুল্য, কোনো ভূমিহীন, নিম্নবিত্তের পক্ষে এমন অভিজাত ক্লাবে প্রবেশের সুযোগ একেবারেই সীমিত। ব্যতিক্রম ব্যতিরেকে ধনী ও অভিজাত ব্যবসায়ী শ্রেণীই সংসদে প্রাধান্য পাচ্ছেন। অথচ সাশ্রয়ী দামে, যার ভর্তুকি চূড়ান্তভাবে গরিব জনগণই দিয়ে থাকেন, এবারের পর্বে সাংসদেরা মাথাপিছু সাত কাঠা আয়তনের বেশি জমি নিয়েছেন। এর নীতিমালা ত্রুটিপূর্ণ। কারণ মন্ত্রী, সাংসদ, বিচারক হলে তাঁরা শতভাগ পাবেন। এখানে লটারি অচল। কেন তাঁরা লটারিমুক্ত থাকবেন, তা স্পষ্ট নয়। অথচ সাংবিধানিক পদধারী হিসেবে তাঁদের নিয়োগের শর্তে কোথাও বাধ্যতামূলকভাবে প্লট লাভের কথা বলা নেই। তাই লটারি না করে প্লট লাভ সাংবিধানিকভাবেও প্রশ্নবিদ্ধ। কারণ, সংবিধান আইনের চোখে সমতা নিশ্চিত করেছে।আবার নিয়মনীতি আলগা থাকার সুবিধালাভের সুযোগও দৃশ্যত তাদের জন্য খোলা। যেমন উত্তরা প্রকল্পে শর্ত ছিল, ঢাকায় পোষ্যের প্লট থাকলে দরখাস্ত অচল। কিন্তু ‘ঢাকার বাইরে’ হওয়ায় এই শর্ত পূর্বাচলে ছিল না। তাই যে সাংসদের স্ত্রীর উত্তরায় প্লট আছে, তিনি পূর্বাচলেও নিতে পারছেন। উভয় ক্ষেত্রে প্রাপ্তিযোগে শতভাগ নিশ্চয়তা। আমরা প্লট বরাদ্দে নানা অনিয়মের কথা জানি। বিএনপি আমলের দেওয়া প্লট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ আমলের দেওয়া প্লট বিএনপি বাতিল করে। কিন্তু কখনোই চিত্রটি স্পষ্ট হয় না। কারণ, এই দল দুটি কখনোই এ-সংক্রান্ত অনিয়মের তথ্য সংসদে তুলে ধরে না, আলোচনা করে না। আমরা মনে করি, সংসদে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ ও আলোচনা জরুরি। কোটি কোটি টাকা খরচ করে তাঁরা নির্বাচনে জয়ী হন। দলের তহবিলে মোটা অঙ্কের চাঁদা দিয়ে থাকেন, মনোনয়নপত্র সংগ্রহের সময় অকাতরে অর্থ বিলাতে তাঁদের বাধে না। কিন্তু সরকারি টেলিফোন বিল বকেয়া রাখা, শুল্কমুক্ত গাড়িসুবিধা এবং এমনকি সংসদ বর্জন করে নিয়মিত বেতন-ভাতা গ্রহণের যে সংস্কৃতি গড়ে উঠেছে, তার অবসান হওয়া দরকার।