সাংসদের গুলিবর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগদলীয় সাংসদ মন্জুরুল ইসলামের গুলিতে এক শিশু আহত হওয়ার পর যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তা হচ্ছে এই সাংসদের বিরুদ্ধে এখন কী ব্যবস্থা নেওয়া হবে। ৫ জানুয়ারির নির্বাচনে যিনি জনপ্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেয়ে আইনপ্রণেতা হয়েছেন, আইন তাঁর ক্ষেত্রে স্বাভাবিক নিয়মে চলবে কি না?
ঘটনার শিকার শিশু শাহাদাত হোসেন ও তার চাচা শাহজাহান আলী বলেছেন, সাংসদ মন্জুরুল ইসলাম তাঁর গাড়ি থেকে শাহজাহান আলীকে ডাক দেওয়ার পরও না আসায় এবং ভয় পেয়ে তিনি পালিয়ে যেতে চাইলে সাংসদ গাড়ি থেকে তাঁকে গুলি করেন। এতে শিশু শাহাদাতের পায়ে তিনটি গুলি লাগে। ঘটনার বিষয়ে সাংসদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাঁর স্ত্রী বলেছেন, ‘জামাত-শিবির’ গাড়ি ঘিরে ধরেছে মনে করে তাঁর স্বামী ‘ফাঁকা গুলি’ করেছেন। এসব ভাষ্যের সত্য-মিথ্যা যাচাই তদন্তসাপেক্ষ। কিন্তু বাস্তবতা হচ্ছে, সাংসদ তাঁর গাড়ি থেকে গুলি করেছেন এবং চতুর্থ শ্রেণির স্কুলছাত্র শিশু শাহাদাত গুলিবিদ্ধ হয়েছে।
সাংসদ মন্জুরুল ইসলামের নামে অভিযোগের শেষ নেই। সরকারি দলের স্থানীয় নেতারা রাখঢাক না করেই তাঁর নানা অপকর্মের বর্ণনা দিয়েছেন। তাঁরা বলেছেন তিনি অধিকাংশ সময় মদ্যপ অবস্থায় থাকেন এবং নেশাগ্রস্ত অবস্থায় তাঁর গুলিবর্ষণের ঘটনা নতুন নয়। গুলিবিদ্ধ শিশুর চাচা কেন সাংসদের ডাকে সাড়া না দিয়ে পালাতে গেছেন, তা এসব ঘটনা থেকে অনুমান করা কঠিন নয়।
মন্জুরুল ইসলাম যে ঘটনা ঘটিয়েছেন, তা ফৌজদারি অপরাধ। একজন সংসদ সদস্য বা আইনপ্রণেতা হিসেবে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা আশা করব, আইন নিজস্ব গতিতে চলবে। সাংসদ বলে কেউ দিনের পর দিন নানা অপকর্ম করে পার পাবেন না। এ ধরনের একজন সাংসদের ব্যাপারে সরকার ও সরকারি দলের কাছ থেকেও আমরা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাশা করছি।
গুলিবিদ্ধ শিশুটির চিকিৎসার বিষয়ে যাতে কোনো গাফিলতি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।