সাংসদের দুর্বৃত্তপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি একজন সংসদ সদস্য। অর্থাৎ আইন প্রণয়নের জন্য জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। তাঁর আরও একটি পরিচয় টেলিভিশন টক শোর নীতিবাগীশ বক্তা হিসেবে। এবার দেশবাসী তাঁর আরও একটা পরিচয় পেল—দুর্বৃত্তপনা, গুন্ডামির পরিচয়।গত শনিবার বেসরকারি টিভি চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক প্রতিবেদক ও এক ভিডিও চিত্রগ্রাহকের ওপর তিনি যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, তা গুন্ডামি-দুর্বৃত্তপনা ছাড়া কিছু নয়।পটুয়াখালী-৩ সংসদীয় আসন থেকে নির্বাচিত এই সাংসদের নাম গোলাম মাওলা। এর চেয়ে গুরুতর তথ্য হলো, তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাংসদ। নইলে তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হওয়ার পরও আইন প্রয়োগকারী সংস্থা কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে তিনি সদলবলে নির্মমভাবে প্রহার করেছেন; গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এই গুরুতর ফৌজদারি অপরাধের কি কোনো আইনি প্রতিকার নেই?গোলাম মাওলা নিজে সাংবাদিকদের প্রহার করেননি বলে দাবি করেছেন; তবে ঘটনাটি তাঁর অফিসের সামনে ঘটেছে, এমন কথা বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন। আবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের ভাষ্য অনুযায়ী, গোলাম মাওলা দুঃখ প্রকাশ করে ভাঙা ক্যামেরা মেরামত ও আহত সাংবাদিকদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা নেবেন—এই মর্মে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। কিন্তু আহত দুই সাংবাদিক স্পষ্ট বলে দিয়েছেন, কোনো সমঝোতা হয়নি। আসলে এটা এভাবে সমঝোতার বিষয় নয়। গোলাম মাওলা আঘাত হেনেছেন সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের অধিকারের ওপর। উপরন্তু, একজন আইনপ্রণেতা হয়ে দুর্বৃত্তপনা করে তিনি জাতীয় সংসদেরও অবমাননা করেছেন। এসব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া একান্ত জরুরি, যাতে ভবিষ্যতে আর কারোর দ্বারা এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।সে জন্য সুনির্দিষ্ট আইনগত পদক্ষেপ নিতে হবে। গোলাম মাওলা আদালতে হাজির হয়ে আগাম জামিন পেয়েছেন। এখন ফৌজদারি আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা করা হোক।