নোয়াখালী-১ আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম গত শুক্রবার চাটখিলের দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত শোকসভায় যে বক্তব্য দিয়েছেন, তাতে দেশের আইন, আদালত ও বিচারব্যবস্থার ওপর চরম অশ্রদ্ধা প্রকাশ পেয়েছে। তিনি বলেন, ‘আমি হুকুম দিয়া দিচ্ছি, দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেললে কিছু হবে না। আপনারা যদি পারেন, গণপিটুনি দিয়ে মেরে ফেলেন। যদি কেউ আসামি করে, আমি মামলার ১ নম্বর আসামি হব।’
এর মাধ্যমে এই সাংসদ দুষ্কৃতকারীদের গণপিটুনি দেওয়ার জন্য এলাকাবাসীকে প্ররোচিত করেছেন। কেবল প্ররোচনা নয়, সেই গণপিটুনিতে কেউ মারা গেলে সেই মামলার ১ নম্বর আসামি হওয়ারও ইচ্ছা ব্যক্ত করেছেন। একজন আইনপ্রণেতা হিসেবে তিনি কি আইন নিজের হাতে তুলে নিতে পারেন? আইনপ্রণেতার কী কাজ, তা-ও নিশ্চয়ই তাঁর অজানা নয়। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের অধীন সাংসদেরা যে শপথবাক্য পাঠ করেন, তাতে আইনানুগ ও বিশ্বস্ততার সঙ্গে কর্তব্য পালনের কথা আছে। সাংসদ এইচ এম ইব্রাহিম কার্যত আইন নিজের হাতে তুলে নিয়েছেন এবং এটা করে তিনি সেই শপথ ভঙ্গ করেছেন।
কোনো সাংসদ যখন তাঁর এলাকায় দুষ্কৃতকারীদের গণপিটুনিতে মেরে ফেলার হুকুম জারি করেন, তখন বুঝতে হবে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কি তা মনে করে? তাঁর বক্তব্যে মনে হওয়া স্বাভাবিক যে তাঁর নির্বাচনী এলাকায় আইনের শাসনের বদলে মাদকসেবী, সন্ত্রাসী তথা দুষ্কৃতকারীরাই দৌরাত্ম্য চালাচ্ছে। এ পরিস্থিতি নিশ্চয়ই এক দিনে তৈরি হয়নি।
আমাদের জানা দরকার, দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেলার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে তিনি আদৌ কোনো আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন কি? সাংসদ হিসেবে তাঁর সামনে পথ ছিল এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা। সেখানেও কাজ না হলে প্রধানমন্ত্রীকেও নিজ এলাকার আইনশৃঙ্খলা সমস্যার কথা বলতে পারতেন। সেসব পথে না গিয়ে তিনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন।
কেবল এম ইব্রাহিম নন, আরও অনেক সাংসদের কথাবার্তা ও আচরণে মনে হয় আইনের শাসনের প্রতি তাঁদের ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই। বরগুনা-২ আসনের সাংসদ হাচানুর রহমান তাঁর কথা অমান্য করে আদালতে মামলা করায় বাদীকে আদালতের বারান্দা থেকে ধরে এনে মারধর করেছেন। গত মাসে সাবেক সাংসদ আবদুর রহমান ওরফে বদি স্থানীয় আওয়ামী লীগের সভায় দলের লোকজনকে মারধর করেছেন। এ ধরনের মানসিকতার লোকজন কীভাবে সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পান, তা সত্যিই বিস্ময়ের।
এটা পরিষ্কার যে একজন সাংসদ যখন আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘোষণা দেন, তখন বুঝতে হবে তিনি এর পরিণতি বা ভয়াবহতা বুঝতে অক্ষম। সেই বিবেচনায় তিনি সাংসদ হওয়ার যোগ্যতা রাখেন কি? সাংসদের জানা দরকার, গণপিটুনি দিয়ে কোনো দেশে অপরাধ দমন করা যায় না। এ ধরনের পরিস্থিতি একমাত্র জঙ্গলেই সম্ভব, সভ্য দেশে নয়।
সাংসদ ইব্রাহিমের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সরকারি দলের সাংসদ না হয়ে অন্য কারও এ ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার পরিণতি কী হতো, সেটা আমরা অনুমান করতে পারি। সরকারি দলের সাংসদ বলে তিনি কি আইনের ঊর্ধ্বে থেকে যাবেন? যে দলের মনোনীত প্রার্থী হিসেবে তিনি সাংসদ হয়েছেন, সেই দল ও সরকারের তরফে আমরা ব্যাখ্যা দাবি করছি।