লিয়াকত হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার জাতীয় পার্টির সাংসদ। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্যও বটে। তাঁর এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হলে তিনি রাজপথে নেমে আন্দোলন শুরু করবেন বলে যে হুমকি দিয়েছেন, তাতে তাঁর ন্যায়-অন্যায় বোধের বিরাট ঘাটতি প্রতিফলিত হয়েছে। এটা একধরনের উদ্ধত মনোভাবও বটে, যা অন্তত আইনপ্রণেতাদের পক্ষে একেবারেই বেমানান।
ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা লোকজনের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়ে তাদের বাসাবাড়িতে অবৈধ গ্যাস-সংযোগ দিয়েছেন—এ কথা লিয়াকত হোসেন নিজেই বলেছেন। তাহলে কী যুক্তিতে তিনি ওই সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলনে নামার হুমকি দিলেন? তাঁর জানা থাকা উচিত যে, তাঁর এই অবস্থানও অনৈতিক। বরং সাংসদ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য হিসেবে তাঁর উচিত ওই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করার উদ্যোগে সমর্থন জোগানো।
ঢাকার আশপাশে বিভিন্ন এলাকায় ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মী ও তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের টাকা দিয়ে বিপুলসংখ্যক মানুষ নিজেদের বাসাবাড়িতে অবৈধ গ্যাস-সংযোগ নিয়েছে। এসব সংযোগের বিপরীতে তিতাস কর্তৃপক্ষ কোনো বিল পায় না; যারা সংযোগ দিয়েছে, তারাই মাসে মাসে গ্যাসের দাম তুলে নেয়। এভাবে তিতাস কর্তৃপক্ষের বাইরে একটা জ্বালানি গ্যাস সেবাব্যবস্থা গড়ে উঠেছে, যা শুধু অবৈধই নয়, এভাবে রাষ্ট্র বিপুল অঙ্কের রাজস্বও হারাচ্ছে। গ্যাস চুরির এই ব্যবস্থা এক দিনে গড়ে ওঠেনি; কিন্তু এগুলো বন্ধ করার কার্যকর কোনো উদ্যোগ কখনোই নেওয়া হয়নি। এ জন্য তিতাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি চাওয়া উচিত।
সাংসদ লিয়াকতের যুক্তিহীন হুমকির প্রতি ভ্রুক্ষেপ না করে সোনারগাঁসহ সব এলাকার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে অবশ্যই অভিযান চালাতে হবে। আর দিনের পর দিন যারা অবৈধ সংযোগ দেওয়ার কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।