সাংসদের 'আদালত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-১৫ সংসদীয় আসনের সরকারদলীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার রাজধানীর পল্লবীতে ব্যক্তিগত কার্যালয়ে পাঁচ সদস্যের এক ‘আদালত’ বসিয়েছেন, যার কর্মকাণ্ড সম্পর্কে একটি প্রতিবেদন গতকাল রোববারের প্রথম আলোয় ছাপা হয়েছে। রাষ্ট্রের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ ও বিচারব্যবস্থার সমান্তরালে এ ধরনের কর্মকাণ্ড চালানোর কোনো ক্ষমতা বা এখতিয়ার যে তাঁর নেই, তা তিনি নিশ্চয়ই জানেন। কোনো আইনপ্রণেতার কাজও যে এটা নয়। তবু নিজের অনুগত স্থানীয় পাঁচ আওয়ামী নেতার সমন্বয়ে ‘সামাজিক বিচার কমিটি’ নাম দিয়ে তিনি এই আদালত বসিয়েছেন নিজের এলাকায় নিজের সর্বময় ক্ষমতা জাহির করতে। এর মধ্য দিয়ে তিনি সম্ভবত তাঁর এলাকাবাসীকে বুঝিয়ে দিতে চান যে, সেখানে তিনিই বিধায়ক, শাসক ও বিচারক—এক কথায় সর্বেসর্বা।
লোকজনকে লিখিত নোটিশ পাঠিয়ে ভয়ভীতি দেখিয়ে ডেকে এনে বিরোধ নিষ্পত্তির নামে জবরদস্তি করা হচ্ছে, কিন্তু পুলিশ ব্যবস্থা নিতে পারছে না, কারণ এসব করছেন ক্ষমতাসীন দলের সাংসদ। আর সাংসদ বলছেন, পুলিশ তাঁর ওই সালিসি আদালতের বিরুদ্ধে কথা বলছে এ জন্য যে পুলিশের ঘুষ-দুর্নীতির সুযোগ কমে গেছে। কিন্তু সাংসদের গঠিত ওই কমিটি জমিজমা-সংক্রান্ত যেসব বিরোধ ‘নিষ্পত্তি’ করে দিচ্ছে, তাতে যে টাকাপয়সার ব্যাপার নেই, তা নিশ্চিত করবে কে? এলাকাবাসী সাংসদের ভয়ে এ বিষয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না, কিন্তু এ রকম হওয়া খুবই সম্ভব যে তথাকথিত ওই কমিটির এসব কর্মকাণ্ডে অর্থযোগ আছে। সাংসদ পুলিশের বিরুদ্ধে যে ‘ঘুষ-দুর্নীতি’র অভিযোগ করেছেন, তাঁর ওই কমিটির বিরুদ্ধেও তো একই অভিযোগ উঠতে পারে।
আদালতের বাইরে সালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কাজ সাংসদের নয়, সিটি কাউন্সিলের সদস্যরা সীমিতভাবে এটা করার এখতিয়ার রাখেন। সাংসদ কামাল মজুমদারের উচিত অবিলম্বে ওই কমিটি ভেঙে দেওয়া এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত হওয়া। তিনি নিজে তা না করলে সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেওয়া।